রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেন ট্রাম্পের ছেলে
নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে, জামাতা এবং নির্বাচনী প্রচারণা শিবিরের প্রধান ক্রেমলিনের ঘনিষ্ঠ রাশিয়ার একজন আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে এ বৈঠকের আয়োজন করা হয় বলে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত শনিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সরকারি গোপন নথি এবং এসব নথির ব্যাপারে জানা আছে এমন ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি প্রস্তুত করেছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাতা জেরাড কুশনার গত বছরের ৯ জুন রাশিয়ার ওই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর কিছুদিন আগেই নিজের দল রিপাবলিকান পার্টিতে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে প্রার্থিতা নিশ্চিত করেছেন ট্রাম্প।
বৈঠকের কথাটি অবশ্য স্বীকার করেছেন ট্রাম্পের বড় ছেলে। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, ওই বৈঠকটি ছিল একটি ‘স্বল্প সময়ের পরিচিতিমূলক বৈঠক’। শিশু দত্তক এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল। আর জেরাড কুশনারের এক আইনজীবী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ‘খুব অল্প সময়ের জন্য বৈঠকে উপস্থিত ছিলেন’।