ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিধ্বস্ত হওয়া মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭ উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। নেদারল্যান্ডসের ডাচ সেফটি বোর্ডের তদন্তে উঠে এসেছে, রাশিয়ার তৈরি ‘বাক’ ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে কারা ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। খবর এএফপি ও বিবিসির।
ডাচ সেফটি বোর্ড উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে তদন্ত প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে তুলে ধরে। এই প্রতিবেদনের পর এরই মধ্যে টানটান অবস্থায় থাকা রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক আরও অবনতির দিকে যাবে বলে মনে করছেন অনেকে। রাশিয়া বলেছে, এই তদন্ত প্রতিবেদন পক্ষপাতদুষ্ট। যুক্তরাষ্ট্র এই প্রতিবেদনকে এ ঘটনায় ‘দায়ীদের জবাবদিহিতায় আনার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছে।
তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গতকাল নেদারল্যান্ডসের নির্ভরযোগ্য পত্রিকা ফোকসক্রানস-এর প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার পথে উড়োজাহাজটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা বাক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফোকসক্রানস জানায়, ধারণা করা যেতে পারে, রুশপন্থী বিদ্রোহীদের ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো সক্ষমতা নেই। রাশিয়ার সাবেক সামরিক কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকতে পারেন।
২০১৪ সালের ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন। শুরু থেকেই রাশিয়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তারা দাবি করে, ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ইউক্রেন অভিযোগ করে, রুশপন্থী বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।