রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় এমএইচ-১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় নির্মিত ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭। নেদারল্যান্ডসের তদন্তকারীরা এ দাবি করে বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে রুশপন্থীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়েছিল।

গতকাল বুধবার ডাচ তদন্তকারীরা বলেন, রাশিয়ায় তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতেই যে বিমানটি ভূপাতিত হয়েছিল, এ ব্যাপারে তাঁদের কাছে শক্ত প্রমাণ আছে। ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া থেকে পূর্ব ইউক্রেনে আনা হয়েছিল। এক সংবাদ সম্মেলনে তদন্তকারী দলের প্রধান উইলবার্ট পলিসেন বলেন, দুই বছর ধরে তাঁরা বিভিন্ন বার্তা, ছবি, বিভিন্নজনের বক্তব্য, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তিনি বলেন, সবচেয়ে বড় প্রমাণ হলো, রুশ ক্ষেপণাস্ত্র বাক-৯এম৩৮-এর আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়। রুশপন্থী বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র চেয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় এই অস্ত্র এসে পৌঁছানোর কথাও তারা জানিয়েছিল। সিএনএন জানিয়েছে, এ ঘটনার পর ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়াকে ফেরত দিয়ে দেয় বিদ্রোহীরা।

২০১৪ সালের ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাচ্ছিল বিমানটি। ইউক্রেনের ওপর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২৯৮ জনের সবাই নিহত হয়।