রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান ইগর সারগুন (৫৮) গত সোমবার মারা গেছেন। ক্রেমলিন গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। ২০১১ সাল থেকে মেইন ইনটেলিজেন্স ডাইরেক্টরেটের (জিআরইউ) প্রধানের দায়িত্বে ছিলেন সারগুন। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তকরণের ঘটনা নিয়ে যেসব রুশ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা আরোপ করে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, সারগুন ছিলেন একজন ‘সত্যিকারের কর্মকর্তা, অভিজ্ঞ ও যোগ্য কমান্ডার, বিরাট সাহসী মানুষ ও সত্যিকারের দেশপ্রেমিক’। সারগুন সোমবার মারা গেছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানালেও তাঁর মৃত্যুর কোনো কারণ প্রকাশ করেনি। তাঁর উত্তরসূরি কে হচ্ছেন, তাও ঘোষণা করা হয়নি। ইইউ বলেছে, সারগুন পূর্ব ইউক্রেনে জিআরইউ কর্মকর্তাদের কর্মকাণ্ডের তত্ত্বাবধান করতেন।
এএফপি