রুশ-তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আজ বৃহস্পতিবার বেলগ্রেডে বৈঠক করেছেন। তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি বাহিনী গুলি করে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
বার্তা সংস্থা এএফপি জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেলগ্রেডে নির্ধারিত সময়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়।
ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতাবিষয়ক সংস্থা ‘দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ’ এর মিনিস্ট্রিয়াল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বেলগ্রেডে। রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করলেন।
সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর হামলা চালানো শুরু করে রাশিয়া। গত সপ্তাহে তুর্কি-সিরিয়া সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে আঙ্কারা। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।