রুশ ধনকুবের আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ
রুশ ধনকুবের এবং ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। তাঁর এক ঘনিষ্ঠ ব্যক্তির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। রোমান আব্রামোভিচ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবেরদের একজন।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি বৈঠকের পর আব্রামোভিচের শরীরের বিষপ্রয়োগের অসুস্থতার লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণের মধ্যে ছিল চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং অবিরাম ব্যথা। সূত্র জানিয়েছে, আব্রামোভিচ এখন সুস্থ আছেন এবং যুদ্ধ বন্ধে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ। তিনিসহ ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বিষ প্রয়োগে আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের একজন ইউক্রেনের সাংসদ রুস্তেম উমেরভ।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকেও বিষয়টিও নিশ্চিত করেছেন। তবে ওই ব্যক্তি জানিয়েছেন, এই ঘটনা আব্রামোভিচকে কাজ থেকে বিরত করেনি।