রুশ পাইলটের মরদেহ ফেরত দিচ্ছে তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটের মৃতদেহ দেশটিকে ফেরত দিতে যাচ্ছে তুর্কি কর্তৃপক্ষ। এদিকে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ও বিমান ভূপাতিত করা নিয়ে রুশ-তুর্কি বাগ্যুদ্ধের মধ্যেই ইসরায়েল দাবি করেছে, সম্প্রতি সিরিয়া থেকে আসা রাশিয়ার একটি বিমান তার আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘অনুপ্রবেশের’ ঘটনাটি মিটমাট করা হয়।
এএফপি ও রয়টার্স জানায়, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু গতকাল রোববার বলেন, গত সপ্তাহে সিরিয়া সীমান্তে ভূপাতিত রুশ যুদ্ধবিমানের পাইলটের মরদেহ মস্কোর প্রতিনিধির কাছে তুলে দেওয়া হবে।
তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার ভেতর ভূপাতিত হওয়া বিমানটির অন্য চালক ইতিমধ্যে এক অভিযানে জীবিত উদ্ধার হন। সিরিয়ার অভ্যন্তরে রুশ সেনাদের চালানো ওই উদ্ধার অভিযানকালে সিরীয় বিদ্রোহীদের গুলিতে নিহত হন রাশিয়ার একজন মেরিন সেনা।
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুল ত্যাগের আগে তুর্কি প্রধানমন্ত্রী দাভুতোগলু সাংবাদিকদের বলেন, ‘আকাশসীমা লঙ্ঘনের সময় গুলিতে প্রাণ হারানো পাইলটের মরদেহ গত রাতে আমরা
(সিরিয়ার) সীমান্ত থেকে গ্রহণ করেছি।’
দাভুতোগলু আরও বলেন, ওই পাইলটের মরদেহ নিতে তুরস্কের একজন সেনা কর্মকর্তার সঙ্গে শিগগিরই দক্ষিণাঞ্চলীয় হাতেই এলাকা সফর করবেন রাশিয়ার একজন কর্মকর্তা।
তুরস্কে নিযুক্ত রুশ দূতাবাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন, ওলেগ পেসকভের মরদেহ রোববারই (গতকাল) একজন রুশ সেনা কর্মকর্তার উপস্থিতিতে হাতেই থেকে আঙ্কারার এক বিমানঘাঁটিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। পরে সেখানে রুশ রাষ্ট্রদূত যাবেন।
এ দূতাবাসের মুখপাত্র ইগর মিতায়াকভকে উদ্ধৃত করে এএফপির খবরে বলা হয়, কবে ও কখন পাইলটের মরদেহ রাশিয়ায় পাঠানো হবে তা এখনো নিশ্চিত নয়।
তুর্কি প্রধানমন্ত্রী জানান, নিজ ধর্মীয় প্রথা অনুসারে হাতেই এলাকায় অর্থডক্স খ্রিষ্টান যাজকদের মাধ্যমে রুশ পাইলটের শেষকৃত্য অনুষ্ঠান শেষ করা হয়েছে।
তুর্কি যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্রের আঘাতে গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানটিতে আগুন ধরে গেলে এর দুজন পাইলট প্যারাসুটে করে নিচে নামতে থাকেন। তখন পাইলট ওলেগ পেসকভ গুলিতে নিহত হন। অপরজন নিরাপদে মাটিতে নামতে সক্ষম হন।
তুরস্কের দাবি, বারবার সতর্ক করার পরও ১০ দফা তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার এসইউ-২৪ যুদ্ধবিমানটি। তবে রাশিয়া এ অভিযোগ নাকচ করে ওই ঘটনার জন্য তুরস্কের ক্ষমা প্রার্থনা দাবি করে। এ ঘটনার জের ধরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে আগে থেকেই চলতে থাকা উত্তেজনা আরও বেড়ে যায়। তিক্ততা এমন মাত্রায় উঠেছে যে শনিবার তুরস্কের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অবরোধ আরোপের কথা ঘোষণা করে রাশিয়া। দেশটি তুরস্কের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ও তার বৃহত্তম জ্বালানি সরবরাহকারক।
এ অবরোধের ব্যাপারে জানতে চাইলে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও তুরস্কের সম্পর্ক পারস্পরিক সুবিধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গঠিত। তাই এ বিষয়টিকে বিবেচনায় নেওয়া এবং শান্তভাবে কাজ করার জন্য রুশ কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি।’
এএফপির খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে শ্যালন গতকাল দাবি করেন, সম্প্রতি রাশিয়ার একটি যুদ্ধবিমান সিরিয়া থেকে তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে। তবে কোনো অঘটন ছাড়াই ঘটনার সমাধান করা হয়েছে।