‘রুশ বহরের ট্যাংকে জমে মারা যেতে পারেন সেনারা’
ইউক্রেনে আগামী দিনগুলোতে তাপমাত্রা অনেক কমতে যেতে পারে। তখন দেশটির রাজধানী কিয়েভ অভিমুখী ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক বহরের ট্যাংকে থাকা সেনারা ঠান্ডায় জমে মারা যেতে পারেন। একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশেষজ্ঞ এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের ওই প্রতিরক্ষা বিশেষজ্ঞের নাম গ্লেন গ্রান্ট। তিনি নিউজউইককে বলেন, যদি ইঞ্জিন না চলে, তাহলে সামরিক বহরে থাকা ট্যাংকগুলো রুশ বাহিনীর জন্য বড় বড় রেফ্রিজারেটরে পরিণত হবে।
গ্লেন গ্রান্ট আরও বলেন, ঠান্ডায় জমে মৃত্যু এড়াতে রুশ সেনারা ট্যাংক থেকে বেরিয়ে পড়তে পারেন। তাঁরা হাঁটতে শুরু করতে পারেন।
একই ধরনের আশঙ্কার কথা বলেছেন যুক্তরাজ্যের সাবেক সেনা কর্মকর্তা কেভিন প্রাইস। তাঁর ভাষ্য, তাপমাত্রা নিচে নেমে গেলে রাশিয়ার ট্যাংকগুলো ৪০ টন ফ্রিজারে পরিণত হবে।
দ্য ইনডিপেনডেন্ট জানায়, রাশিয়ার দীর্ঘ সামরিক বহরটি বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে রয়েছে। সামরিক বহরের গতি ধীর হয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। রুশ সামরিক বহরটি বর্তমানে কিয়েভ শহরের কেন্দ্রস্থল থেকে ১৯ মাইল দূরে রয়েছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিশাল সেনাবহরে ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে।
ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছেন। রুশ বাহিনী কিয়েভে হামলার জন্য প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম জড়ো করছে।
একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কারিগরির পাশাপাশি জ্বালানি সরবরাহের সমস্যার কারণে রুশ সেনাবহরটি আটকে গেছে।
খবরে বলা হয়, পূর্ব ইউরোপ শিগগিরই প্রচণ্ড ঠান্ডার কবলে পড়বে। এ সময়ে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিয়েভ ও অন্যান্য এলাকায় ইতিমধ্যে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।
ইউক্রেন ছেড়ে যাওয়া লাখো শরণার্থীও ঠান্ডার কারণে আরও ভোগান্তির মুখে পড়তে পারে।
ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ কয়েক শ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ।
ইউক্রেনে রুশ হামলা আজ বৃহস্পতিবার ১৫তম দিনে গড়িয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজই তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।