রুশ বিমানটি বোমায় বিধ্বস্ত '৯০ ভাগ নিশ্চিত' তদন্তকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে রাশিয়ার যাত্রীবাহী বিমানটি বোমা বিস্ফোরণের কারণেই বিধ্বস্ত হয়েছে বলে ‘৯০ ভাগ নিশ্চিত’ হয়েছেন তদন্তকারীরা। গত রোববার তদন্তকারী একজন কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্সের।
নাম প্রকাশ না করার শর্তে তদন্তকারী দলের মিসরীয় একজন কর্মকর্তা জানান, ব্ল্যাক বক্সে পাওয়া শব্দ বিশ্লেষণ করে দেখা গেছে, ওই শব্দ বোমা বিস্ফোরণেরই শব্দ ছিল। তিনি বলেন, ‘আমরা ৯০ ভাগ নিশ্চিত যে ওই শব্দ বোমার শব্দ ছিল।’ স্পর্শকাতর বিষয় বলে নিজের নাম প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তা।
তদন্তকারী দল বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু মিসরীয় ওই কর্মকর্তার বক্তব্য অনেকাংশেই নিশ্চিত তথ্য দিচ্ছে যে বোমা হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এর আগে গত শনিবার তদন্তকারী দলের প্রধান আয়মান আল মুকাদ্দাম বলেন, মধ্য আকাশে বিমানটি বিধ্বস্ত হয়। ওই সময় স্বয়ংক্রিয়ভাবে বিমানটি চলছিল। ককপিট রেকর্ডিংয়ের একেবারে শেষ সেকেন্ডে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু এত তাড়াতাড়ি বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইনসের বিমানটি গত ৩১ অক্টোবর মিসরের শারম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে সিনাইয়ের আকাশে বিধ্বস্ত হয়। এতে ২২৪ আরোহী নিহত হন।