রুশ বিমানে সতর্ক বার্তার অডিও প্রকাশ করেছে তুরস্ক
তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার আগে বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল বলে দাবি তুরস্কের। এবার সেই দাবির সপক্ষে সতর্কবার্তার অডিও রেকর্ড প্রকাশ করেছে তুরস্কের সামরিক বাহিনী। ওই রেকর্ডে ইংরেজি ভাষায় সতর্কবার্তা শোনা গেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানটি গত মঙ্গলবার গুলি করে ভূপাতিত করে তুরস্ক। তুর্কি সামরিক বাহিনীর অভিযোগ রুশ বিমানটি আকাশসীমা লঙ্ঘন করায় কয়েকবার সতর্ক করা হয়। সতর্কতা না মানায় গুলি চালানো হয়। এ ঘটনায় রাশিয়া-তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে।
এই পরিস্থিতিতে তুর্কি সামরিক বাহিনী ওই সতর্কবার্তার অডিও রেকর্ড প্রকাশ করল। প্রকাশিত অডিও রেকর্ডে বলতে শোনা যায়, ‘এখনই দিক পরিবর্তন করে দক্ষিণে যাও।’ তুর্কি কর্মকর্তারা দাবি করেন, গুলি করার পূর্ব পর্যন্ত তারা নিশ্চিত ছিলেন না, সেটা রাশিয়ার বিমান। গুলি করার আগে অন্তত ১০ বার বিমানটিকে সতর্ক করেন তাঁরা। ভূপাতিত যুদ্ধবিমানের দুই পাইলটকে উদ্ধারের চেষ্টাও করা হয় বলে দাবি তাঁদের।
ভূপাতিত হওয়া বিমানটির দুই পাইলটের মধ্যে একজন ঘটনার সময়ই মারা যান। অন্য পাইলটকে গতকাল বুধবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই পাইলট তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘তুরস্ক এ ধরনের কোনো সতর্কবার্তা দেয়নি।’