রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিক করা অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত দিন পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক অবরোধ থাকবে তত দিন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা ‘অসম্ভব’। এ মন্তব্য করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। গতকাল বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর এএফপির।
ইউক্রেন সমস্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর যে অবরোধ আরোপ করেছে মেদভেদেভ তাকে ‘ভয়ানক ধ্বংসাত্মক’ ও ‘নির্বোধসুলভ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এরপর আর হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক পুনঃ স্থাপনের কোনো সুযোগ নেই।
টেলিভিশন সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ‘সম্পর্ক হবে না। একটি বিষয় আমি পরিষ্কার করে বলি, অবরোধ আমরা আরোপ করিনি। আমাদের বিদেশি সহযোগীরা করেছে।’
মস্কো ইউক্রেনের বিদ্রোহীদের সহায়তা করছে—পশ্চিমা বিশ্বের এই অভিযোগের পর থেকে সম্প্রতি উভয়ের সম্পর্ক শীতল হতে থাকে। স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে আর কখনোই রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক এত খারাপ হয়নি।
এদিকে মেদভেদেভ ওই মন্তব্য করলেও গত মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেন। প্যারিসে ওই বৈঠকে মতৈক্য হয় যে ইরাক ও সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিষয়ে দুই দেশ গোয়েন্দা তথ্যবিনিময় করবে।