রুশ যুদ্ধবিমান ভূপাতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও ফুটেজ থেকে তৈরি করা ধারাবাহিক ছবিতে সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ার দৃশ্য l ছবি: রয়টার্স
ভিডিও ফুটেজ থেকে তৈরি করা ধারাবাহিক ছবিতে সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ার দৃশ্য l ছবি: রয়টার্স

তুরস্ক সে দেশের সিরিয়া সীমান্তের কাছাকাছি গতকাল মঙ্গলবার একটি রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তুরস্ক তার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করলেও রাশিয়া তা অস্বীকার করেছে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা চলার মধ্যেই রুশ বিমান হামলা শুরুর পর থেকে এ ধরনের ঘটনা এটাই প্রথম। খবর বিবিসির।
তুর্কি সেনা কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধবিমানটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছিল। বারবার সতর্ক করে দেওয়ার পরও বিমানটির পাইলটরা বিরত হননি। এ কারণে তুর্কি যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করে রুশ বিমানটি ভূপাতিত করা হয়।
এএফপির খবরে বলা হয়, বিধ্বস্ত রুশ বিমানটির পাইলটদের একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে সিরিয়ার বিদ্রোহীরা। রুশ পাইলটের ছবি হিসেবে অনলাইনে প্রচারিত একাধিক ভিডিও চিত্রে বিদ্রোহীদের একজন পাইলটের নিশ্চল শরীরকে ঘিরে থাকতে দেখা যায়। তবে তুরস্ক দাবি করেছে, দুই পাইলট বেঁচে আছেন। দেশটির এক সরকারি কর্মকর্তা বলেন, ‘এখন আমরা বেঁচে থাকা দুই পাইলটকে উদ্ধারের চেষ্টা করছি।’
আর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিধ্বস্ত বিমানটির পাইলটেরা তাৎক্ষণিকভাবে প্যারাস্যুট নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।
একটি ভিডিও চিত্র অনুযায়ী, রুশ বিমানটি সিরিয়ার লাতাকিয়া অঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি জায়গায় বিধ্বস্ত হয়েছে। রাশিয়া গত সেপ্টেম্বরে সিরিয়ার বাশার সরকারের সাহায্যার্থে বিমান হামলা শুরু করার পর এই প্রথম সেখানে কোনো রুশ বিমান বিধ্বস্ত হলো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘পিঠে ছুরি মারার মতো’ ঘটনা ও তুরস্ককে ‘সন্ত্রাসীদের সহযোগী’ বলে আখ্যায়িত করে এর ফলাফল মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ওরা কি চায় ন্যাটো আইএসের হয়ে কাজ করুক?’ পুতিন বলেন, বিমানটি সিরিয়ার আকাশসীমায় আঘাতপ্রাপ্ত হয় এবং সিরিয়ার চার কিলোমিটার ভেতরে পড়ে। এটা নিশ্চিত বিমানটি তুরস্কের জন্য কোনো হুমকি ছিল না।
তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো। তুর্কি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছে। দেশটির অনুরোধের পরিপ্রেক্ষিতে ন্যাটোর একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
রয়টার্স জানায়, ন্যাটোর কোনো সদস্যদেশ ১৯৫০-এর দশকের পর এই প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়ন বা এর উত্তরসূরি রাশিয়ার কোনো সামরিক বিমান ভূপাতিত করল। এ ঘটনায় মস্কো ও আঙ্কারার মধ্যে স্নায়ুযুদ্ধের আগের বৈরিতা আবার চাঙা হওয়ার আশঙ্কা রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘোর বিরোধী তুরস্ক আগেও কয়েকবার তাদের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে রাশিয়া ও সিরিয়াকে সতর্ক করে দিয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে রুশ রাষ্ট্রদূতকে তলব করে জানিয়ে দেয়, রাশিয়া অবিলম্বে তুর্কি আকাশসীমা লঙ্ঘন এবং তুর্কি ভূখণ্ডে বোমাবর্ষণ বন্ধ না করলে ‘গুরুতর পরিণতি’ হবে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রুশ বিমানটি লাতাকিয়ার পার্বত্য এলাকা জাবাল তুর্কমেনে বিধ্বস্ত হয়েছে। সেখানে বিদ্রোহী ও সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে।
সিরিয়ায় রাশিয়া কেবল জঙ্গিবাদী ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে বলে মস্কো দাবি করেছে। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরাই মূলত রুশ হামলার শিকার হচ্ছে।