রুশ যুদ্ধবিমানের তুর্কি আকাশসীমা লঙ্ঘন, রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার একটি যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে আঙ্কারা। এই অভিযোগে আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে রাশিয়াকে মূল্য দিতে হবে। খবর বিবিসি অনলাইনের।

গত নভেম্বরে সিরিয়া-তুরস্ক সীমান্তে তুর্কি আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগ রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুর্কি বাহিনী। ওই ঘটনার পর থেকে রাশিয়ার সঙ্গে তুরস্কের উত্তেজনা চলছে। রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ​তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার এলাকাগুলোতে বাশারবিরোধীদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে রাশিয়ার এসইউ-৩৪ মডেলের একটি যুদ্ধবিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনায় তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হবে।
এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে রাশিয়াকে এ জন্য চরম মূল্য দিতে হবে।