রুশ সংবাদমাধ্যমের খবর নিয়ে ইইউর সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর অনুষ্ঠেয় জার্মানি, ফ্রান্স ও হল্যান্ডের নির্বাচনে রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর দেওয়া ‘বিভ্রান্তিকর ও ভুল তথ্যসংবলিত’ খবরের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সবাইকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটি বলেছে, মধ্য ইউরোপের তিনটি দেশের নির্বাচনকে ঘিরে রুশ সংবাদমাধ্যমগুলো বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভোটারদের প্রভাবিত করতে পারে। এ ধরনের তথ্য যাচাই-বাছাই করতে ইইউর পূর্ব ইউরোপবিষয়ক ডেস্ক একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।

ইইউর প্রতিনিধি জানিয়েছেন, ফ্রান্স ও হল্যান্ডে কট্টর ডানপন্থী দলগুলোকে নির্বাচনে জিততে সহায়তা করতে নানা মিথ্যা সংবাদ পরিবেশিত হতে পারে। জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী অ্যাঙ্গেলা ম্যার্কেল এ ধরনের বিভ্রান্তিকর তথ্য-আক্রমণের প্রধান শিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ম্যার্কেল তাঁর শরণার্থীবিষয়ক রাজনীতির জন্য রুশ সংবাদমাধ্যমগুলোর প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন। ইইউ প্রতিনিধি আরও বলেছেন, রাশিয়া তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এরই মধ্যে ১৮টি ভাষায় এ ধরনের আড়াই হাজার বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে।

অন্যদিকে জার্মানির সাংবিধানিক সুরক্ষা প্রশাসন বলেছে, ২০১৪ সালে ইউক্রেন সংকটের পর থেকে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ক্রমাগত জার্মানির বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে। সুরক্ষা প্রশাসন আগামী নির্বাচন ঘিরে এ ধরনের প্রচারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেয়।