সিরিয়ার সরকারবিরোধী প্রধান বিদ্রোহী জোট ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) গতকাল সোমবার বলেছে, তারা রাশিয়ার দেওয়া সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। তবে সহযোগিতার বিষয়ে আলোচনার আগে মস্কোকে তাদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা বন্ধ করতে হবে। খবর রয়টার্সের।
এর আগে গত শনিবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত এফএসএ ও ‘দেশপ্রেমিক’ বিদ্রোহীদের সহযোগিতার প্রস্তাব দেয় রাশিয়া। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এফএসএ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এফএসএর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের মুখপাত্র ইসাম আল-রায়েস বিবিসিকে বলেন, ‘আমরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করিনি। আমরা কেবল বলেছি, রাশিয়া যদি তাদের প্রস্তাবের বিষয়ে আন্তরিক হয়, তবে আমাদের ঘাঁটিগুলো ও বেসামরিক এলাকা লক্ষ্য করে তাদের বিমান হামলা দ্রুত বন্ধ করা উচিত।’ তিনি বলেন, ‘আমাদের এখন সাহায্যের প্রয়োজন নেই। তাদের উচিত আগে হামলা বন্ধ করা। এরপরে আমরা সহযোগিতার বিষয়ে আলোচনা করতে পারি।’
গত শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, তাঁর দেশ আইএসের বিরুদ্ধে এফএসএর চলমান হামলায় নিবিড়ভাবে সহযোগিতা করতে চায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিও তাদের সহযোগিতার দ্বার খোলা রয়েছে। লাভরভ বলেন, ‘আমাদের সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসবিরোধী লড়াই চালানোর প্রস্তাব প্রত্যাখ্যান করা যুক্তরাষ্ট্রের জন্য বিরাট ভুল।’
গত ৩০ সেপ্টেম্বর আইএসের বিরুদ্ধে হামলা চালানোর কথা বলে সিরিয়ায় অভিযান শুরু করে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের অভিযোগ, আইএস নয়—রুশ হামলার প্রধান লক্ষ্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা। বিরোধীদের লক্ষ্য
করেই বেশির ভাগ হামলা চালাচ্ছে রাশিয়া।