রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: এএফপি

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি আজ এই খবর জানিয়েছে।

গতকাল সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, চেচনিয়া যুদ্ধের চেয়ে ইউক্রেনে সামরিক অভিযানে রুশ বাহিনীর অনেক বেশি ক্ষতি হয়েছে।

জেলেনস্কি বলেন, রুশ সেনারা ইতিমধ্যে এটা অনুধাবন করতে পেরেছেন যে যুদ্ধ করে কোনো কিছু অর্জন করতে পারবেন না তাঁরা। রুশ সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি, আপনারা প্রাণে বাঁচতে চান।’ যেসব রুশ সেনা আত্মসমর্পণ করবেন, তাঁদের সঙ্গে স্বাভাবিক আচরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন জেলেনস্কি।

যুদ্ধরত রাশিয়ার সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনারা কাণ্ডজ্ঞানহীন এই যুদ্ধ নিয়ে সত্যিকার অর্থে যা যা ভাবছেন, সেই কথোপকথন আমরা শুনেছি।’

রুশ সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘আপনারা আত্মসমর্পণ করলে একজন মানুষের সঙ্গে যে আচরণ করা হয়, আমরাও তেমন আচরণ করব।’

জেলেনস্কি রাশিয়ার সেনাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের সেনাবাহিনীতে যে ব্যবহার পান না, তা–ই পাবেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন, কী করবেন।’

এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভির সংবাদ সম্প্রচারকালে লাইভে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ করা মেরিনা ওভিসইয়াননিকোভা নামে এক নারীর প্রতি শ্রদ্ধা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।