রুশ সেনাদের তিন দিনের গোলাবারুদ আছে, দাবি ইউক্রেনের
ইউক্রেন যুদ্ধে নিয়োজিত রুশ সেনাদের গোলাবারুদ ও খাবার ফুরিয়ে আসছে। বড়জোর আর তিন দিন চলতে পারে তাঁদের রসদে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিয়মিত বিবৃতিতে এমন দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের হাতে মাত্র তিন দিন চলার মতো জ্বালানি আছে। এ জ্বালানি তেল ট্যাংক রিফুলিংয়ের কাজে লাগবে। এমনকি সেখানে থাকা রুশ যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় রসদ জোগাতেও ব্যর্থ হয়েছেন তাঁরা।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রুশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান, ছয়টি ড্রোন এবং দুটি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনে বিমানবাহিনী। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, মধ্য ইউক্রেনের ছোট শহর ওখতিরকার একটি রুশ ঘাঁটির ৩০০ সেনা ইউক্রেনের ওপর হামলা চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি তাঁরা হামলা না করেই ওই এলাকা ছেড়ে গেছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর অন্তত ১৩টি হামলা প্রতিরোধ করেছে তারা। এ সময় ১৪টি রুশ ট্যাংক, আটটি পদাতিক সামরিক যান, দুটি বহুমুখী সামরিক যান, তিনটি গোলন্দাজ সিস্টেম এবং অন্যান্য আরও চারটি যুদ্ধযান ধ্বংস করা হয়েছে দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।