পূর্ব ইউক্রেনে ঢুকে পড়া একটি রুশ সেনা সাঁজোয়া যানের বহরে হামলা চালিয়ে এর অংশবিশেষ ধ্বংস করা হয়েছে বলে গতকাল শুক্রবার দাবি করেছে কিয়েভ। এ ঘটনার জের ধরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বলেছেন, তাঁদের গোলন্দাজ বাহিনী হামলা চালিয়ে রুশ সাঁজোয়া যানের বহরটির উল্লেখযোগ্য অংশ ধ্বংস করে। বহরটি ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে পড়েছিল। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এর আগে পূর্ব ইউক্রেনে তাদের সাঁজোয়া যান পাঠানোর অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন।
ন্যাটোর প্রধান অ্যান্ডারস ফোগ রাসমুসেন অভিযোগ করেছেন, রুশ সেনারা পূর্ব ইউক্রেনে ‘আকস্মিক আক্রমণ’ চালিয়েছে বলে নিশ্চিত তথ্য মিলেছে। ওই এলাকাকে অস্থিতিশীল করে তুলতে চাইছে ক্রেমলিন। এদিকে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, ক্রেমলিনকে সীমান্তে হামলা ‘শিগগির বন্ধ’ করতে হবে।
এদিকে ইউক্রেন সীমান্তের কাছে জড়ো হওয়া রাশিয়ার ত্রাণবহর নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছেই। গতকাল ওই বহরে তল্লাশি চালিয়েছে ইউক্রেনের সীমান্তরক্ষীরা। মানবিক ত্রাণ সরবরাহের আড়ালে রাশিয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের কাছে সামরিক সরঞ্জামাদি পাঠাতে পারে—এমন আশঙ্কা থেকেই এই তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে কিয়েভ।