সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলেছে, এ হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধও করে থাকতে পারে। প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের বরাত দিয়ে এসব কথা বলেছে লন্ডনভিত্তিক অ্যামনেস্টি। খবর বিবিসির।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো অন্তত ২৫টি হামলার ওপর ‘দূরবর্তী সূত্রের মাধ্যমে’ গবেষণা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে রাশিয়ার ‘গুরুতর ব্যর্থতার’ আভাস পাওয়া গেছে।
মস্কো সিরিয়ায় তাদের অভিযানে বরাবরই বেসামরিক লোক নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে তারা এ অভিযান চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনেকের অভিযোগ, রাশিয়া মূলত পশ্চিমাদের মদদপুষ্ট আসাদবিরোধীদের ওপরই হামলা চালাচ্ছে।
অ্যামনেস্টি বলছে, তারা সিরিয়ার হোমস, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পোতে চালানো রুশ হামলার ওপর গবেষণা করেছে। সংগঠনটির ভাষ্য, চিকিৎসক ও অধিকারকর্মীসহ মোট ১৬ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে টেলিফোনে অথবা ইন্টারনেটে কথা বলেছে তারা। এ ছাড়া তাদের হাতে হামলা-সংশ্লিষ্ট কিছু ‘অডিও ভিজ্যুয়াল উপকরণ’ এসেছে। অ্যামনেস্টি সেগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেছে। ছয়টি হামলার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
অ্যামনেস্টির ভাষ্যমতে, গত ২৯ নভেম্বর ইদলিব প্রদেশের আরিহা শহরের একটি বিপণিকেন্দ্রে রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে কমপক্ষে ৪৯ বেসামরিক লোক নিহত ও বহু লোক আহত হয়। অ্যামনেস্টি বলেছে, রাশিয়া ‘বেআইনিভাবে’ ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে।
রাশিয়া তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদন নিয়ে কোনো বক্তব্য দেয়নি। আগে একই ধরনের প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর ক্রেমলিন বলেছে, সিরিয়ায় রাশিয়ার অভিযানকে নেতিবাচকভাবে উপস্থাপন করার ‘চক্রান্ত হচ্ছে’।