সিরিয়া শান্তি আলোচনা নিয়ে শেষ মুহূর্তেও অনিশ্চয়তা
জেনেভায় আজ শুক্রবার জাতিসংঘ আয়োজিত সিরিয়া শান্তি আলোচনা নিয়ে আগের দিন গতকাল বৃহস্পতিবারও অনিশ্চয়তা ছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী নেতারা বলেছেন, শর্ত মানলেই কেবল তাঁরা আলোচনায় বসবেন। শর্তের মধ্যে রয়েছে বিমান হামলা বন্ধ করা এবং অবরোধ প্রত্যাহার। খবর আল-জাজিরা ও এএফপির।
সিরিয়াবিরোধী গোষ্ঠীগুলোর হাই নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) মুখপাত্র সালেম আল-মুসলাত গতকাল সৌদি আরব থেকে আল-জাজিরাকে বলেন, বিরোধীরা আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে আন্তরিক। তবে এ জন্য কিছু শর্ত মানতে হবে।
তবে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিসতুরা গতকাল সিরীয় জনগণের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় বলেন, সংলাপ ‘কয়েক দিনের মধ্যে’ অনুষ্ঠিত হবে।
হাই নেগোসিয়েশনস কমিটি আজকের বৈঠকে যোগ দেবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতিসংঘের জবাবের অপেক্ষায় ছিল।
আজকের বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে এইচএনসি গতকাল তৃতীয় দিনের জন্য বৈঠক করে সৌদি আরবের রিয়াদে। ওই বৈঠক থেকে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় তাদেরকেই বিরোধীদের একমাত্র প্রতিনিধি করা হবে কি না, তা জানতে চেয়েছে এইচএনসি। তারা আলোচনায় ডাক পাওয়া অন্য বিরোধীদের বিষয়েও তথ্য জানতে চেয়েছে। এ বিষয়গুলো জানতে চেয়ে স্তেফান দ্য মিসতুরাকে চিঠি দিয়েছে এইচএনসি। তবে গতকাল পর্যন্ত তারা কোনো জবাব পায়নি।
রুশ হামলায় সিরিয়ায় ৪৪ বেসামরিক প্রাণহানি: সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার বিমান হামলায় ৪৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছে। খবর এএপির।