ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দুই সপ্তাহের বেশি সময় গড়িয়েছে। এ সময়ে হামলার কবলে পড়ে দেশটির অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ-সম্পত্তির ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেনকো এ তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ওলেগ উস্তেনকো বলেন, চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো সক্ষমতার চেয়ে কম কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রুশ হামলায় ইউক্রেনের রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, নানা ধরনের সরঞ্জাম ও অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সরকারের এই উপদেষ্টা।
ক্ষতিগ্রস্ত হওয়া সম্পদ পুনর্নির্মাণের অর্থ কোথা থেকে আসবে—এমন প্রশ্নের জবাবে ওলেগ উস্তেনকো বলেন, আংশিক অর্থ আসতে পারে বিশ্বের বিভিন্ন স্থানে জব্দ হওয়া রাশিয়ার সম্পদ থেকে। এর মধ্যে রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার বাইরে আটকা পড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ। এ ছাড়া রাশিয়ার ধনকুবের ব্যবসায়ীদের জব্দ হওয়া সম্পদগুলোও ইউক্রেনের ক্ষতি পুষিয়ে নিতে কাজে আসতে পারে।
এদিকে ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে দ্য কিয়েভ ইনডিপেনডেন্টস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে অন্তত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৩৫ রুশ ট্যাংক, ১ হাজার ১০৫ সাঁজোয়া যান, ১২৩ কামান, ২৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৪৯ যুদ্ধবিমান ও ৮১টি হেলিকপ্টারসহ নানা সামরিক যান ধ্বংস করা হয়েছে।