রুশ 'পরমাণু হামলার' নিশানায় যুক্তরাষ্ট্রের যেসব স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতল যুদ্ধের সময় থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে কীভাবে একে অপরকে ঘায়েল করবে; প্রধান নিশানাইবা কী হবে, তা নিয়ে পরিকল্পনা এঁটে চলেছে। দৃশ্যত এ পছন্দের তালিকায় সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলো থাকাই স্বাভাবিক মনে হলেও এ ধরনের হামলায় আসল লক্ষ্য হবে বরং শত্রুর পরমাণু অস্ত্রকে মোকাবিলা করা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেস মহানগরের বাসিন্দারা বিশ্ববাসীর মনোযোগের প্রাণকেন্দ্রে আছেন বলে ধারণা করলেও রাশিয়ার পরমাণু হামলার অগ্রাধিকারের তালিকা বিবেচনায় তাঁরা নর্থ ডাকোটা বা মন্টানার মতো কিছু অঙ্গরাজ্যের অনেক স্থানের অধিবাসীদের মতো গুরুত্বপূর্ণ নন। অর্থাৎ গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্রের স্থাপনা আছে ওই সব জনবিরল স্থানে।

অ্যাটোমিক অডিট: দ্য কস্টস অ্যান্ড কনসিক্যুয়েন্সেস অব ইউএস নিউক্লিয়ার ওয়েপন্স সিন্স ১৯৪০-এর লেখক স্টিফেন শোয়ার্জ বলেন, শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক হামলার ক্ষেত্রে সবচেয়ে জনবহুল শহরগুলোর বদলে একে অপরের পরমাণু অস্ত্রভান্ডারকে নিশানা করার নীতি গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি ধ্বংসে রাশিয়ার সম্ভাব্য হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলগুলো চিহ্নিত করে শোয়ার্জ একটি মানচিত্রও তৈরি করেছেন। সংবাদভিত্তিক মার্কিন ওয়েবসাইট বিজনেস ইনসাইডারকে তিনি বলেন, এ রকম হামলা যে পুরোপুরি সফল হবে, সে সম্ভাবনা খুবই কম। তা ছাড়া হামলায় যুক্তরাষ্ট্রের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্রভান্ডার বা পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমার একটি মজুতও যদি ধ্বংস হয়, তবে দেশটির পারমাণবিক ডুবোজাহাজ প্রতিশোধ নেবে। যেকোনো সময়ই নিজেদের টহল এলাকায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী চার থেকে পাঁচটি ডুবোজাহাজ উচ্চ সতর্কতায় থেকে হামলার নির্দেশের অপেক্ষায় থাকে। এই ডুবোজাহাজগুলোর অবস্থান সম্পর্কে এমনকি উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তারাও জানেন না।