রুশদের মোকাবিলায় বাংকার খুঁড়ছে ইউক্রেনের কিশোর–তরুণেরা

সরকারি সেনাদের সহায়তায় বাংকার খুঁড়ছে ইউক্রেনের কিশোর-তরুণেরাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের ভূখণ্ডে যেকোনো সময় সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। এ পরিস্থিতিতে নির্ঘুম রাত কাটছে দেশটির আজোভ অঞ্চলের শেরভন শহরের কিশোর মিখাইলো আনোপার। পুরোদমে যুদ্ধ শুরুর ভয়ে ১৫ বছরের মিখাইলো অন্য ছেলেদের সঙ্গে মিলে বাংকার খুঁড়েছে। ইউক্রেনের সরকারি সেনারা যুদ্ধের সময় এসব বাংকার ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে রুশ বোমা হামলা শুরু হলে এতে বেসামরিক মানুষজনও আশ্রয় নিতে পারবেন।

সংবাদমাধ্যমকে মিখাইলো বলে, ‘আমার যাজক বাবা যখন বললেন, যুদ্ধ শুরু হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ওপর হামলা চালাতে পারে। তখন থেকে আমি রাতে ঘুমাতে পারিনি। দুঃস্বপ্ন দেখেছি। এ পরিস্থিতিতে আমরা কিছু একটা করতে চেয়েছিলাম। তাই অনেকের সঙ্গে মিলে বাংকার খুঁড়েছি। নিজেদের সেনাদের সহায়তার জন্য আমরা এটা করেছি। এটা আমাদের দায়িত্ব।’

আরও পড়ুন

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের অংশ ক্রিমিয়া দখল করে নেয়। এর পর থেকে ইউক্রেনের পূর্ব সীমান্তে মস্কো–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি সেনাদের লড়াই চলছে। এতে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছে ওই অঞ্চলের প্রায় ১৫ লাখ মানুষ। এ সংকট ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ঝুঁকতে উৎসাহ জুগিয়েছে। ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেনের সখ্যতা ভালো চোখে দেখছেন না পুতিন। এটা পরিস্থিতি জটিল করে ইউক্রেনকে এখন যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। অন্যদিকে ন্যাটো পূর্ব ইউরোপে সেনা পাঠিয়েছে।

মিখাইলো ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের একটি শিবিরে বসবাস করে। সেখানে জেনাদি মোখনেনকো নামের একজন যাজক শিশুদের দেখভাল করেন। এএফপিকে তিনি বলেন, ‘এখানকার শিশুরা খেলতে ও হাসি–মজা করতে ভীষণ পছন্দ করে। তবে যুদ্ধের ভীতি এখন শিশুদের পেয়ে বসেছে।’

আরও পড়ুন

৫৩ বছর বয়সী আরেক যাজক অ্যালেক্সে ফিলিপোভের নেতৃত্বে মিখাইলোসহ ৪০ জন কিশোর–তরুণের একটি দল সেনাদের জন্য বাংকার খুঁড়ছে। তিনি নিজে ওই দলের কিশোর–তরুণদের বাংকার খোঁড়ার কৌশল শিখিয়েছেন। তিনি জানান, যেসব কিশোর–তরুণেরা কাজ করছে, তাদের আরও কিছু সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। যদিও যুদ্ধ বাধলে যেকোনো সময় আমাদের এ এলাকা ছেড়ে যেতে হতে পারে। আমাদের প্রয়োজনীয় নথিপত্র, কাপড়সহ ব্যাগ প্রস্তুত রাখতে বলা হয়েছে।

শেরভন শহরের পূর্বাংশের উপকূলে কিশোর–তরুণেরা বাংকার খুঁড়ছে। অ্যালেক্সে ফিলিপোভে কিশোর–তরুণদের বলেছেন, ‘এখনকার পরিস্থিতি বেশ গুরুতর। তবে যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।’ সবশেষ ২০১৮ সালের নভেম্বরে ইউক্রেনের উপকূলীয় এ এলাকার সমুদ্রসীমায় দেশটির সঙ্গে রাশিয়ার সামরিক উত্তেজনা দেখা গিয়েছিল। সে সময় গোলা ছুড়েছিল রুশ যুদ্ধজাহাজ।

আরও পড়ুন