রুশপন্থী বিদ্রোহীরা অস্ত্র সরিয়ে নিচ্ছে: ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রণাঙ্গন থেকে বিপুল পরিমাণ ভারী অস্ত্র-সরঞ্জাম সরিয়ে নিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
প্রেসিডেন্ট পোরোশেঙ্কো গতকাল সোমবার টেলিভিশন ভাষণে দাবি করেন, সরকারি বাহিনীও ‘সিংহভাগ’ ভারী অস্ত্র-সরঞ্জাম সরিয়ে নিয়েছে।
রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পরিপ্রেক্ষিতে দুই পক্ষেরই মার্চের শুরু থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার কথা ছিল। এই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে বেশ কয়েকবার লড়াইয়ের ঘটনা ঘটেছে। দুই পক্ষ যুদ্ধবিরতির শর্ত ভাঙার জন্য একে অন্যকে দুষেছে।
তিন দিন আগেই পোরোশেঙ্কো অস্ত্র সরিয়ে নিতে বিদ্রোহীরা আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন। সোমবার পোরোশেঙ্কো বলেন, ‘যুদ্ধবিরতি চলছে কি না, সেটি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর।’
ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, গত ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি পুরোপুরি শুরু হওয়ার পর ৬৪ জন ইউক্রেনীয় সেনাসদস্য মারা গেছেন। সব মিলিয়ে বছর খানেকের এই সংঘাতে এ যাবৎ ১ হাজার ৫৪৯ জন ইউক্রেনীয় সেনাসদস্য নিহত হয়েছেন।
গত বছরের এপ্রিল মাসে পূর্ব ইউক্রেনের রুশভাষী অধ্যুষিত দোনেৎস্ক ও লুহানস্কে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত কমবেশি ছয় হাজার মানুষ নিহত হয়েছে। আর যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রথমবারের মতো স্বীকার করেছেন, ইউক্রেনের ক্রিমিয়াকে গত বছরের মার্চ মাসে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার কয়েক সপ্তাহ আগেই তিনি এ বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।