রোমানিয়ায় নৈশক্লাবে আগুন ২৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ভূগর্ভস্থ একটি নৈশ বিনোদনকেন্দ্রে গত শুক্রবার রাতে আগুন লেগে ২৭ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। খবর এএফপির।
কালেকটিভ নামের ওই ক্লাবে স্থানীয় সময় রাত ১১টায় আগুন লাগে। এ সময় সেখানে ‘গুডবাই টু গ্র্যাভিটি’ নামের একটি রক সংগীত দলের পরিবেশনা চলছিল। তখন ক্লাবে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ তরুণ-তরুণী। সরকারি সূত্র জানায়, আগুন লাগার পর ঘটনাস্থলেই ২৬ জন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কারও শরীরের বিভিন্ন অংশ পুড়েছে, কেউ প্রশ্বাসের সঙ্গে ঘন ধোঁয়া টেনে অসুস্থ হয়েছেন। অনেকে আঘাত পেয়েছেন হুড়োহুড়ি করতে গিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নিমেষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বেরোনোর জন্য একটি পথ খোলা থাকায় তড়িঘড়ি করে বের হতে গিয়ে অনেকে পদদলিত হন। কয়েকটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্লাবের আরেকটি বহির্গমন পথ বন্ধ ছিল।
পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।