রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ফ্রাঙ্কফুর্টে সমাবেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টে হ্যান্ড ফর রোহিঙ্গা নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার আয়োজিত ওই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ জমায়েত হন।
বিপুলসংখ্যক জার্মান নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ রোহিঙ্গাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সংহতি প্রকাশ করতে এই সমাবেশে যোগ দেন।
ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রীয় রেলস্টেশনের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। তাঁরা রোহিঙ্গাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানানো এবং মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য জার্মান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান।
জার্মানির গণমাধ্যমগুলো গত কয়েক সপ্তাহ ধরেই মিয়ানমারের রোহিঙ্গা জাতিসত্তার ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানে অং সান সু চির নীরব ভূমিকার কঠোর সমালোচনা করছে। এর আগে জার্মান সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ছয় কোটি ইউরো সহযোগিতা দেওয়ার ঘোষণা দেয়। সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা দেওয়া হবে।