লক্ষ্য এখন বেসামরিক ব্যক্তিদের সরানো

রাশিয়া থেকে তেল-গ্যাস–কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রাশিয়া বলেছে, এমন পদক্ষেপ বিপর্যয় ডেকে আনবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ বাহিনীকে মোকাবিলায় নিজে থেকে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। স্ত্রী–সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বিদায়বেলায় ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউক্রেনের এই পুলিশ কর্মকর্তা। তাঁর স্ত্রীও কান্নায় ভেঙে পড়েন। গতকাল রাজধানী কিয়েভের উপকণ্ঠে ইরপিন শহরে
ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ঘিরে রেখেছেন রুশ সেনারা। এসব শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার কিয়েভের উপকণ্ঠে ইরপিন, উত্তরাঞ্চলীয় শহর সুমি ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল থেকে বেসামরিক ব্যক্তিদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতিতে যায় রাশিয়া ও ইউক্রেন কর্তৃপক্ষ।

অবরুদ্ধ শহরগুলোতে ইউক্রেনের সেনারা বিদেশিসহ বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রাশিয়ার। এসব ব্যক্তির মধ্যে ভারত, চীনসহ বিভিন্ন দেশের নাগরিকেরা রয়েছেন। এই পরিস্থিতিতে যুদ্ধে হতাহত কমাতে বেসামরিক ব্যক্তিদের নিরাপদে শহরগুলো থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতে সমঝোতা বৈঠকগুলোতে মস্কোর পক্ষ থেকে বলা হচ্ছিল। এ বিষয়ে দুই দফা সমঝোতা হলেও তা ভেস্তে যায়। পরে গত সোমবার মস্কোর পক্ষ থেকে একটি প্রস্তাব দিলে তা খারিজ করে দেয় কিয়েভ। ইউক্রেনের নাগরিকদের সরিয়ে প্রধানত রাশিয়া ও বেলারুশে নেওয়ার ওই প্রস্তাবকে ‘অনৈতিক’ আখ্যায়িত করে ইউক্রেন সরকার।

এরই মধ্যে ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। সংঘাতপূর্ণ এলাকা থেকে নিরাপদে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে গতকাল দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস।

এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া গতকাল মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা দেন। বেলারুশ বা রাশিয়া নয়, আটকে পড়া ব্যক্তিরা যেখানে যেতে চাইবেন, সেখানে তাঁদের যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিয়েভ ছাড়াও ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, উত্তর-পূর্বাঞ্চলীয় চেরনিহিভ ও সুমি এবং বন্দরনগরী মারিউপোল থেকে নাগরিকদের সরে যেতে পথ তৈরি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সরানো হলো যাঁদের

গতকাল সুমি শহর থেকে ২০-৩০টি গাড়ির একটি বহরে বেসামরিক নাগরিকেরা পোলতাভা শহরে গেছেন বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের ভাষ্যমতে, এসব ব্যক্তির মধ্যে এক হাজার বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এই শহরে ভারত ও চীনের শিক্ষার্থীরাও আটকা পড়েছিলেন। শহরটিতে কয়েক দিন ধরে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত ছিল। গত সোমবার সুমি শহর ও আশপাশের এলাকায় রুশ বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হন।

কিয়েভের নিকটবর্তী ইরপিন শহর থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন ধরে শহরটিতে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। সেখান থেকে দুই শিশুসন্তানকে নিয়ে বেরিয়ে আসা এক নারী বলেন, ‘পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি যে এলাকায় থাকি, সেখানে এমন কোনো ভবন নেই যে বোমা হামলা হয়নি।’

রুশ বাহিনীর হামলায় মানবিক সংকট তৈরি হয়েছে আজভ সাগর তীরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরে। এর আগে দুই দফায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। গতকাল বেসামরিক নাগরিকদের সরিয়ে আনা ও ত্রাণসহায়তা পাঠানোর জন্য ৮টি ট্রাক ও ৩০টি বাস মারিউপোলের দিকে রওনা হওয়ার কথা জানান ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো। মারিউপোল থেকে জাপোরিঝিয়া শহরে লোকজনকে সরিয়ে নেওয়ার কথা। তবে এই পথে রুশ বাহিনী গতকাল গোলা নিক্ষেপ করেছিল বলে ওলেগ নিকোলেঙ্কো জানান। প্রায় এক সপ্তাহ ধরে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন মারিউপোলের বাসিন্দারা।

রাশিয়ার তথ্যমতে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তিন হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী আটকা পড়েছেন। গতকাল রুশ বাহিনী ওই শহর থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও কার্যকর হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রধান শহরগুলোতে গোলা নিক্ষেপ

রুশ বাহিনীকে প্রতিরোধে রাজধানী কিয়েভে কয়েক শ তল্লাশিচৌকি বসিয়েছেন ইউক্রেনের সেনা ও প্রতিরোধযোদ্ধারা। তবে রাজধানীর আশপাশের এলাকায় বিশেষ করে বুচা, হোস্তোমেল, ভোরজেল ও ইরপিন ঘিরে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন। গতকাল ভোরের দিকে কিয়েভের পশ্চিমের ঝিয়োতোমির শহরের দুটি তেল সংরক্ষণাগারে হামলায় আগুন ধরে যায়।

ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাতে কিয়েভের উত্তরের চেরনিহিভ শহরে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপের পাশাপাশি আবাসিক এলাকায় বিমান থেকে বোমা ফেলেছে রুশ বাহিনী। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি বহুতল ভবনে গোলা হামলায় আগুন ধরে যায়। সেখানে অন্তত চারজন নিহত হয়েছেন। দক্ষিণের মিকোলেইভ শহরে গোলা নিক্ষেপে অন্তত চারজন নিহত হন। সুমি শহরে বিমান থেকে ফেলা বোমায় দুই শিশুসহ নয়জন নিহত হন। ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার জাহাজ থেকে আক্রমণ চালানো হয়েছে।

রুশ জেনারেলকে হত্যার দাবি

খারকিভের কাছে রুশ সেনা কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমোভকে হত্যার দাবি করেছে ইউক্রেন। গতকাল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গেরাসিমোভ রাশিয়ার ৪১তম আর্মির ডেপুটি কমান্ডার ছিলেন। যুদ্ধে তাঁর আগে ফেব্রুয়ারির শেষ দিকে আরেকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছিলেন।

ইউক্রেনের দাবি, যুদ্ধে তারা এখন পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনাকে হত্যা করেছে। এ ছাড়া রুশ বাহিনীর ৪৮টি যুদ্ধবিমান, ৩০৩টি ট্যাংক, ৮০টি হেলিকপ্টার এবং হাজারের বেশি সাঁজোয়া যান ধ্বংস করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার বক্তব্য জানা যায়নি। গত সপ্তাহে মস্কো ৪৯৮ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। অপর দিকে রুশ হামলায় ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছে, তা জানা যায়নি। তবে ইউক্রেনে ৪৭৪ জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। যদিও ইউক্রেনের ভাষ্যমতে, এই সংখ্যা দুই হাজারের বেশি।

তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র গতকাল রাশিয়া থেকে তেল-গ্যাস-কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। আর যুক্তরাজ্য চলতি বছর শেষ নাগাদ ধাপে ধাপে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। দুটি দেশেরই জ্বালানি চাহিদার ৮ শতাংশের মতো আসে রাশিয়া থেকে। গেল বছর যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট অপরিশোধিত তেলের ৩ শতাংশ রাশিয়া থেকে এসেছিল। প্রতিদিন গড়ে ২ লাখ ৯ হাজার ব্যারেল অপরিশোধিত তেল এনেছিল যুক্তরাষ্ট্র। আর দিনে অন্যান্য পেট্রোলিয়াম পণ্য এসেছিল ৫ লাখ ব্যারেল।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জ্বালানিনির্ভরতা খুব বেশি না হলেও ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। বর্তমানে ইউরোপে প্রয়োজনীয় গ্যাসের ৪০ শতাংশের জোগান দেয় রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছিল মস্কো। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেসান্দার নোভাক গতকাল এক বিবৃতিতে বলেন, পশ্চিমারা এ পদক্ষেপ নিলে জার্মানিতে রাশিয়ার মূল গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার তেলে নিষেধাজ্ঞার ফল হবে বিপর্যয়কর। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দ্বিগুণের বেশি বেড়ে ৩০০ ডলারের কাছাকাছি চলে যাবে।