লাখ যোদ্ধা নিয়োগের ঘোষণা ইউক্রেনের বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের নেতা জাখারচেঙ্কো তাদের বিদ্রোহী বাহিনীতে এক লাখ যোদ্ধা নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তিনি এ ঘোষণা দেন।

এদিকে নিউইয়র্ক টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র সরকার বিদ্রোহীদের জোরদার হামলার মুখে ইউক্রেন বাহিনীকে প্রতিরক্ষামূলক অস্ত্রসরঞ্জাম দেওয়ার বিষয়ে নতুন চিন্তাভাবনা করছে। খবর বিবিসি ও রয়টার্সের।

দোনেৎস্ক সংবাদ সংস্থাকে জাখারচেঙ্কো বলেন, ‘১১ দিনের মধ্যে এই নিয়োগ-প্রক্রিয়া শুরু হবে।’ স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, এই রিজার্ভ বাহিনী যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেৎস্কে তীব্র লড়াই চলছে। বিদ্রোহীরা মূল দেবালতসেব শহরটি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস চেয়ারম্যান মার্টিন ডেম্পসি এ ব্যাপারে আলোচনায় আগ্রহী। আর ন্যাটোর সামরিক কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পক্ষে।