লাতিন আমেরিকা সফরে পোপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস গতকাল রোববার থেকে দক্ষিণ আমেরিকায় আট দিনের সফর শুরু করেছেন। লাতিন আমেরিকায় গত দুই বছরের মধ্যে নিজের প্রথম এই সফরে তিনি ইকুয়েডর, বলিভিয়া ও প্যারাগুয়েতে যাবেন। কিন্তু এবার নিজের স্বদেশভূমি আর্জেন্টিনায় যাচ্ছেন না তিনি। খবর এএফপির।
দক্ষিণ আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে পোপ বলেছেন, এই সফরে তিনি দরিদ্র জনগোষ্ঠীর চাওয়া-পাওয়ার ওপরে আলোকপাত করবেন। গতকাল গ্রিনিচ মান সময় বেলা তিনটায় ইকুয়েডরে অবতরণের মাধ্যমে তাঁর এই সফর শুরু হওয়ার কথা ছিল।
পোপ ফ্রান্সিস সর্বশেষ দক্ষিণ আমেরিকা সফর করেন ২০১৩ সালে। ওই বছরের জুলাইয়ে ব্রাজিলের রিও ডি জেনিরোতে তাঁর এক সমাবেশে কমবেশি ৩০ লাখ লোকের সমাগম ঘটে। বিশ্বব্যাপী পোপের ক্যাথলিক গির্জার যে ১২০ কোটি অনুসারী রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অংশের প্রতিনিধিত্ব করে এই লাতিন আমেরিকাই।