লিজিয়ন অব অনার পুরস্কার নিলেন বান কি মুন
ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লিজিয়ন অব অনার গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত বৃহস্পতিবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছ থেকে তিনি এ পুরস্কার নেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হলো।
২০১৫ সালের প্যারিস চুক্তি হওয়ার ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব সহায়তা করেছিলেন। প্রায় দুই দশকের আলোচনার পর মোট ২০০টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছিল। শক্তির উৎস হিসেবে সারা বিশ্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোই প্যারিস চুক্তির লক্ষ্য।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বান কি মুনের প্রচেষ্টার বিষয়ে ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘আপনার ভূমিকার কারণেই বিষয়টি এত বড় পরিসরে এসেছে। এটিকে সব কর্মসূচির সামনে রাখার কাজটি আপনিই শুরু করেছিলেন।’ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এর মাধ্যমে আপনি আমাদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন। আমি অত্যন্ত সম্মানিত ও গর্ববোধ করছি।’