লিবিয়ায় 'শরণার্থী শহর' গড়ার পরামর্শ হাঙ্গেরির
ইউরোপে অভিবাসনপ্রত্যাশী আফ্রিকার নাগরিকদের জন্য লিবিয়ায় একটি ‘বড় আকারের শরণার্থী শহর’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) এই শহর গড়ে তোলার আহ্বান জানান তিনি। ভিয়েনায় ইউরোপীয় ও বলকান নেতাদের সম্মেলনে এ প্রস্তাব দেন অরবান।
শরণার্থীদের বিষয়ে অরবানের অবস্থান বরাবরই খুব কঠোর। তিনি বলেছেন, নতুন এই শরণার্থী শহর পরিচালনা করবে লিবিয়ার নতুন সরকার। ২০১১ সালে সরকার ও বিরোধীদের মধ্যে গোলযোগ শুরু হওয়ার পর থেকেই লিবিয়ায় রাজনৈতিক অচলাবস্থা চলছে। গত বছর ইউরোপমুখী শরণার্থীর ঢল শুরু হওয়ার পর হাঙ্গেরি তাদের দেশের শরণার্থী প্রবেশ ঠেকাতে দক্ষিণের সীমান্ত বন্ধ করে দেয়। সেই সঙ্গে সীমান্তে বেড়া দিয়ে সেখানে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি কুকুরের পাহারা বসায়।
ভিয়েনার সম্মেলনে অরবান বলেন, ইইউর উচিত বহিঃসীমান্তে নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। তিনি লিবিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান লিবারেশন আর্মির প্রতি সমর্থন দেওয়ারও আহ্বান জানান।
সম্মেলনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, যেসব শরণার্থী অভিবাসনের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে তাদের ফেরত পাঠাতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চুক্তির দরকার। ম্যার্কেলের কথিত ‘খোলা দুয়ার নীতি’-এর কঠোর সমালোচক হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ইউরোপের অনেক দেশ শরণার্থীদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও জার্মানি তাদের গ্রহণ করে।
ম্যার্কেল বলেন, আফ্রিকা ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গেও চুক্তি করতে হবে। যাতে ইউরোপে অভিবাসন পেতে ব্যর্থ এসব দেশের নাগরিক তাদের দেশে ফেরত যেতে পারে।