লিভিভে হামলা চালিয়ে বাইডেনকে হ্যালো বলেছে রাশিয়া: দাবি মেয়রের
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লিভিভে স্থানীয় সময় গতকাল শনিবার ব্যাপক রকেট হামলা চলেছে। রাশিয়া হামলার নতুন লক্ষ্যস্থল ইউক্রেনের পূর্বাঞ্চল বলে জানালেও পশ্চিমাঞ্চলে হামলার ঘটনা ঘটল। খবর বিবিসির
অন্য শহরগুলোর তুলনায় লিভিভে কম বোমা হামলা হয়েছে। এ কারণে অনেকে এ শহরটিতে আশ্রয় নিয়েছিল।
লিভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোল্যান্ড সফরকে কেন্দ্র করে হামলার জন্য লিভিভকে বেছে নেওয়া হয়েছে। মেয়র আরও বলেন, রকেট হামলার মধ্যে দিয়ে হামলাকারীরা পোল্যান্ড সফররত বাইডেনকে হ্যালো বলতে চেয়েছেন।
পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে লিভিভের অবস্থান। সাদোভি বলেন, ‘আমি মনে করি, বিশ্বের এই হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’
গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। পুতিনকে কসাই বলেও আখ্যা দেন তিনি। তবে পাল্টা জবাব দিয়ে ক্রেমলিন বলেছে, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না।
ইউক্রেনে সামরিক অভিযানে নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় দেশটি। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই রুস্কয় বলেন, ইউক্রেনে চলমান অভিযানের প্রথম ধাপ শেষ করেছে রুশ সশস্ত্র বাহিনী। তবে হামলার লক্ষ্য পূর্বাঞ্চল বললেও পশ্চিমাঞ্চলে লাভিভে আবার রকেট হামলা চালাল রাশিয়া।