লুবিৎসকে নিয়ে বান্ধবীর গোপন তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রিয়াস লুবিৎস
অ্যান্ড্রিয়াস লুবিৎস

জার্মানির বিধ্বস্ত বিমানের কো-পাইলট অ্যান্ড্রিয়াস লুবিৎসকে নিয়ে আলোচনার শেষ নেই। কী এমন ঘটেছিল যে তিনি ইচ্ছা করে বিমানটি মাটিতে আছড়ে ফেললেন? উত্তর জানার আগ্রহ অনেকেরই রয়েছে। আর এ নিয়ে প্রতিদিনই বের হচ্ছে নতুন নতুন তথ্য।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লুবিৎসের প্রাক্তন বান্ধবী মারিয়া ডব্লিউ বলেন, লুবিৎস বলেছিলেন, ‘একদিন সবাই জানবে আমার নাম।’
নিয়ম ভেঙেচুরে দেওয়ার একটা প্রবণতা ছিল লুবিৎসের। তা যে এত ভয়ংকর হবে, তা ভাবতে পারেননি মারিয়া।

বিল্ড পত্রিকায় লুবিৎসের সাবেক বান্ধবী মারিয়ার দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, মারিয়া লুবিৎসের এমন খবরে খুব চমকে গিয়েছেন। গত বছর তাঁরা দুজন একসঙ্গে ইউরোপ ভ্রমণ করেছিলেন। ওই সময় দুজনই যথেষ্ট সুখী ছিলেন। মারিয়া জানান, লুবিৎসের স্বপ্ন ছিল পাইলট হওয়া। তিনি লুফথানসায় পাইলট বা ক্যাপ্টেন হিসেবে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এ কারণে অনেকটা হতাশ ছিলেন লুবিৎস। লুবিৎসের মানসিক কিছু সমস্যার কারণে বান্ধবীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়।

লুফথানসার প্রধান নির্বাহী কার্স্টেইন স্পোর বলেন, ২০০৮ সালে লুবিৎস বিমানের পাইলট হিসেবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। কিন্তু শারীরিক সমস্যার কারণে তা মাঝপথে বন্ধ হয়ে যায়।

ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেন, লুবিৎসের আচরণ খুবই ধ্বংসাত্মক।

গত মঙ্গলবার বিধ্বস্ত জার্মানউইংসের যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা নিয়ে রহস্য জোরালো হওয়ার পর ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা বলেছেন, কো-পাইলট ইচ্ছা করে বিমানটিকে মাটিতে আছড়ে ফেলেন। এতে প্রাণ হারান এর ১৫০ জন আরোহীর সবাই। লুবিৎস কেন এ কাজ করে থাকতে পারেন, তদন্তকারীরা তা নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে তাঁর আত্মহত্যার পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন তাঁরা।


জার্মান আইন কৌঁসুলিরা লুবিৎসের বাড়িতে তল্লাশি চালিয়েছেন। লুবিৎস অসুস্থতা বা তাঁর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র তাঁরা খুঁজে বের করার চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে বলা হয়েছে লুবিৎস মানসিকভাবে অসুস্থ ছিলেন। লুবিৎস তাঁর অসুস্থতার কথা বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন।


ওই দিন পাইলট লুবিৎস ইচ্ছা করেই জার্মানউইংসের এয়ারবাস ৩২০-কে দেড় শ আরোহীসহ আছড়ে ফেলেন-এই অভিযোগের পর উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার রহস্য উদ্‌ঘাটনে নিযুক্ত তদন্ত কর্মকর্তারা এই যুবক পাইলটের ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দিয়েছেন। ঘটনার দিন তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, তা জানতেই এই চেষ্টা তাঁদের। জার্মান অভিযোগকারীদের দাবি, লুবিৎস মানসিকভাবে অসুস্থ ছিলেন-এ তথ্যটি তিনি জার্মানউইংসের নিয়োগকর্তাদের কাছে গোপন করেছিলেন। দুর্ঘটনার দুই দিন আগে নিজের ফেসবুক পাতাটি মুছে দিয়েছিলেন তিনি।