লুবিৎস ইচ্ছাকৃতভাবেই বিধ্বস্ত করেছিলেন, দ্বিতীয় ব্ল্যাকবক্সের তথ্য

আল্পস পর্বতমালার ফরাসি অংশের দুর্গম এলাকায় বিধ্বস্ত জার্মান বিমানটি উদ্দেশ্যমূলকভাবেই বিধ্বস্ত করা হয়েছে। বিমানটির উদ্ধারকৃত দ্বিতীয় ব্ল্যাকবক্সের তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে এ তথ্য জানিয়েছে তদন্তকারী সংস্থা। খবর এপির।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আজ শুক্রবার পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিমানটির পাইলট ককপিটের বাইরে গেলে সহকারী পাইলট অ্যান্ড্রিয়াস লুবিৎস ককপিটের দরজা বন্ধ করে দেন। এরপর বিমানটিকে অটো পাইলট মুডে পরিচালনা করে তিনি বিমানটিকে নিচের দিকে নামাতে থাকেন। এসময় তিনি ঘন ঘন বিমানের গতি বাড়াতে থাকেন, যাতে বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স থেকে পাওয়া প্রাথমিক তথ্য থেকে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা। ব্ল্যাকবক্সটির দুর্ঘটনার স্থান থেকে নয় দিন পর গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়।
জার্মানির একটি যাত্রীবাহী উড়োজাহাজ গত ২৪ মার্চ আল্পস পর্বতমালার ফরাসি অংশের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ১৫০ আরোহীর সবাই নিহত হন। জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল।