লুসানে জোরদার আলোচনায় ইরান ও ছয় বিশ্বশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে গতকাল শনিবার জোরদার আলোচনা শুরু হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা সামনে রেখে এই আলোচনা চলছে। চূড়ান্ত পর্যায়ের আলোচনায় অংশ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আগে থেকেই সুইজারল্যান্ডের লুজান শহরে রয়েছেন।
লুজানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ছয় বিশ্বশক্তির প্রতিনিধিরা। দেশগুলো হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স) ও জার্মানি।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা গত শুক্রবার রাতে বলেন, ‘আমরা আলোচনার এমন একপর্যায়ে পৌঁছেছি, যেখানে সত্যিই একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ‘সমঝোতায় পৌঁছানোর কাজটি খুব জটিল ও কঠিন। চাপ প্রয়োগ কিংবা রাজনৈতিক সদিচ্ছা—এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে।’
আলোচনায় যোগ দিতে প্রথম ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিয়াস গতকাল লুজান পৌঁছান। শুরুতে তাঁর কেরি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ারের সঙ্গে আলোচনায় বসবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডেরও লুজানের আলোচনায় অংশ নেওয়ার কথা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং য়ি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ রোববার আলোচনায় যোগ দেবেন।
ইতিমধ্যে দুই দফায় ২০১৩ সালে শুরু হওয়া এই আলোচনার সময়সীমা বেঁধে দেওয়া হলেও কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি। তৃতীয় দফার সময়সীমায়ও সেটা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবারের মধ্যে রূপরেখা নিয়ে সমঝোতা হলে আগামী ৩০ জুনের মধ্যে বিস্তারিত বিষয় উল্লেখ করে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা।