লেখা খারাপে ডাকাতি ভন্ডুল
হাতের লেখা খারাপ হওয়ায় বিড়ম্বনায় পড়ার অভিজ্ঞতা আছে অনেকেরই। কিন্তু যুক্তরাজ্যের এক ব্যাংক ডাকাতের অভিজ্ঞতা এত খারাপ যে বাজে হাতের লেখার কারণে তাঁর লিখিত হুমকি বুঝতেই পারেননি একটি ব্যাংকের কর্মকর্তারা। অগত্যা সেই ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে।
এনডিটিভির খবরে বলা হয়, অ্যালান স্লেটারি নামের ওই ডাকাত যুক্তরাজ্যের হ্যাস্টিংসের সেন্ট লিওনার্ডস এলাকার বাসিন্দা। গত ১৮ মার্চ ইস্টবোর্ন এলাকার একটি ব্যাংকে ডাকাতি করতে যান তিনি। পরিকল্পনা ছিল, ব্যাংক ম্যানেজারকে একটি চিরকুট ধরিয়ে নির্ঝঞ্ঝাটে টাকা হাতিয়ে চলে যাবেন। তবে হুমকি দিয়ে লেখা ওই চিরকুটে কাজ হয়নি। তাঁর হাতের লেখা বুঝতেই পারেননি ব্যাংক ম্যানেজার।
সম্প্রতি সাসেক্স পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে স্লেটারির এই কাণ্ডের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, নেশনওয়াইড বিল্ডিং সোসাইটি নামের ওই ব্যাংকের কর্মকর্তারা পরে স্লেটারির চিরকুটের মর্মার্থ উদ্ধার করতে সক্ষম হন। পরে পুলিশকে বিষয়টি জানান তাঁরা।
পুলিশের জব্দ করা চিরকুটে যা লেখা ছিল, তার অর্থ হলো, ‘আমার সঙ্গে যা আছে, আপনার স্ক্রিন সেটা থামাতে পারবে না। ১০ ও ২০ পাউন্ডের নোটগুলো দিয়ে দিন। অন্য গ্রাহকদের কথা একবার ভাবুন।’ এরপর পুলিশ ওই ব্যাংকের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে।
এদিকে সেদিনের ব্যর্থতায় দমে যাননি স্লেটারি। সপ্তাহখানেক পর ব্যাংকের আরেক শাখায় গিয়ে একই কাণ্ড ঘটান। এবার অবশ্য সফল হন। ক্যাশিয়ার তাঁর হাতে ২ হাজার ৪০০ পাউন্ড তুলে দেন। কোনো বাক্যবিনিময় ছাড়াই টাকা নিয়ে বেরিয়ে যান স্লেটারি। এই শাখার সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করে পুলিশ। তারা বুঝতে পারে, আগের ব্যাংকে চিরকুট দেওয়া ব্যক্তি আর এই ব্যক্তি একই লোক।