লোকরঞ্জনবাদ 'প্রত্যাখ্যান করেছে' নেদারল্যান্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের নির্বাচনের ফল জানার পর জনগণের ক্ষমতায়ন নিয়ে কাজ করা ওয়েবভিত্তিক সংগঠন ‘আভাজ’ কর্মীদের বিজয় মিছিল। জার্মানির বার্লিনে সমবেত এ উল্লাসকারীদের হাতে ছিল ‘ধন্যবাদ হল্যান্ড’ এবং ‘ঘৃণার বদলে আশা বেছে নিল হল্যান্ড’ লেখা প্ল্যাকার্ড। জার্মানির আগামী নির্বাচনে উগ্র জাতীয়তাবাদীদের সাফল্যের আশঙ্কা রয়েছে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে এ আশঙ্কা থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি l এএফপি
নেদারল্যান্ডসের নির্বাচনের ফল জানার পর জনগণের ক্ষমতায়ন নিয়ে কাজ করা ওয়েবভিত্তিক সংগঠন ‘আভাজ’ কর্মীদের বিজয় মিছিল। জার্মানির বার্লিনে সমবেত এ উল্লাসকারীদের হাতে ছিল ‘ধন্যবাদ হল্যান্ড’ এবং ‘ঘৃণার বদলে আশা বেছে নিল হল্যান্ড’ লেখা প্ল্যাকার্ড। জার্মানির আগামী নির্বাচনে উগ্র জাতীয়তাবাদীদের সাফল্যের আশঙ্কা রয়েছে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে এ আশঙ্কা থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি l এএফপি

নেদারল্যান্ডসের মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী মার্ক রুট বুধবারের আলোচিত সাধারণ নির্বাচনে উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছেন। রুটের দল ভিভিডি পার্টি সহজ জয় পেয়েছে। মার্ক রুট ভোটের এ ফলকে ‘ভ্রান্ত লোকরঞ্জনবাদের’ পরাজয় বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিককালে আমজনতাকে তোষণের রাজনীতি ‘লোকরঞ্জনবাদের’ উত্থানে ইউরোপজুড়ে এ নির্বাচন নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছিল।
নেদারল্যান্ডসের অভিবাসন ও ইসলামবিরোধী এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে চাওয়া দলগুলো কট্টর জাতীয়তাবাদী প্রচারণার মাধ্যমে মার্ক রুটকে বড় ধরনের চ্যালেঞ্জ জানিয়েছিল। জনমত জরিপের বিভিন্ন পর্যায়ে উগ্র ডানপন্থীরা ভালো ফল করেছিল।
প্রায় সব ভোট গণনার পর গতকাল বৃহস্পতিবার দেখা যায়, প্রধানমন্ত্রীর দল ভিভিডি পার্টি ৩৩টি আসন পেয়েছে। তাঁর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অভিবাসন ও ইসলামবিরোধী এমপি গ্রিট ভিল্ডার্সের কট্টর ডানপন্থী ফ্রিডম পার্টি পায় ২০ আসন।
এ সাফল্যের মধ্য দিয়ে মার্ক রুট টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন বলে আশা করা হচ্ছে। সাফল্য উদ্যাপনের সময় ডাচ প্রধানমন্ত্রী গতকাল বলেন, ‘জনগণ ভ্রান্ত লোকরঞ্জনবাদ প্রত্যাখ্যান করেছে।’
বিতর্কিত ফ্রিডম পার্টি দ্বিতীয় স্থান পেলেও এর নেতা ভিল্ডার্স কিছুটা হতাশ। কারণ, জনমত জরিপে তাঁরা ভালোই এগিয়ে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিভিন্ন কারণের মিশ্র প্রতিক্রিয়ায় রুট জিতে গেছেন। ইউরোপজুড়ে কট্টর জাতীয়তাবাদীদের সাম্প্রতিক উত্থানের পরিপ্রেক্ষিতে মনে হয়েছিল, ভিল্ডার্সরাও সেই ধারা বহাল রাখবেন।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ইউরোপীয় নেতাদের অনেকে রুটকে অভিনন্দন জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ম্যার্কেলও অভিবাসনবিরোধী দলগুলোর জোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন। ফ্রান্সেও কট্টরপন্থী রাজনীতিক মারিন লো পেনের পক্ষে জনমত বেড়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কার ডাচ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নেদারল্যান্ডসের নির্বাচনের ফলাফল অভিবাসনবিরোধীদের হতাশ করেছে। এটা অনেকের জন্য অনুপ্রেরণামূলক।
নেদারল্যান্ডসের নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে কূটনৈতিক বিরোধে জড়ানো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গতকাল বলেছেন, ক্ষমতাসীন উদারপন্থী দলের সঙ্গে অভিবাসনবিরোধী ‘ফ্যাসিবাদী’ ভিল্ডার্সের দলের কোনো তফাত নেই।