লোহার সিঁড়ির দাম ৫ লাখ ইউরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের সিঁড়ির একটি অংশ নিলামে ৫ লাখ ২৩ হাজার ৮০০ ইউরোতে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান আর্টকিউরিয়াল গতকাল এ খবর জানিয়েছে। ১৮৮৯ সালে তৈরি সিঁড়িটিতে আছে ১৪টি ধাপ। নিলামকারীরা ভেবেছিলেন, এর দাম উঠবে মাত্র ৪০ হাজার ইউরো। কিন্তু ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে এর দর দ্রুতই বেড়ে যায়। নিলাম পরিচালনাকারী ফ্রাঁসোয়া তাজান বলেন, সশরীরে ও ফোনে বেশ কয়েকজন ক্রেতা নিলামে অংশ নিয়েছিলেন। ১৯৮৩ সালে আইফেল টাওয়ারের লোহার সিঁড়ি সরিয়ে লিফট লাগানো হয়েছিল। এরপর সেটি ২৪টি অংশে কেটে ফেলা হয়। এর অনেকগুলোরই জায়গা হয়েছে জাদুঘরে। ২০১৩ সালে আইফেল টাওয়ারের ১৯টি ধাপের একটি সিঁড়ি নিলামে বিক্রি হয়েছিল ২ লাখ ২০ হাজার ইউরোয়। এএফপি