লো পেনের বিরুদ্ধে একজোট ফ্রান্স?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা অভিবাসনবিরোধী মারি লো পেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে মাঠে নামছেন প্রথম দফা ভোটে হেরে যাওয়া অন্তত দুজন নেতা। আগামী ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে মারি লো পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাখঁর। ইউরোপসহ বিশ্বনেতাদের অনেকেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-পন্থী ম্যাখঁর জয়কে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে লোকরঞ্জনবাদের জোয়ারে মারি লো পেন ভোটে দ্বিতীয় শীর্ষস্থানে থাকলেও দেশে-বিদেশে তাঁর জয় নিয়ে উদ্বেগ রয়েছে।
এদিকে বিবিসি জানায়, রোববারের ভোটের পর গতকাল সোমবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ন্যাশনাল ফ্রন্ট পার্টির নেতা লো পেন। টেলিভিশন চ্যানেল ফ্রান্স টু-কে তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আমি দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকতে চাই।’
রোববার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট পদের জন্য লড়েছেন ১১ জন প্রার্থী। তাঁদের মধ্যে ২৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে সবার আগে রয়েছেন ইউরোপীয় জোটপন্থী ইমানুয়েল ম্যাখঁ। ২১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অভিবাসনবিরোধী নেতা মারি লো পেন। আর ফ্রাসোঁয়া ফিওঁ ১৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। নিয়ম অনুযায়ী প্রথম দুজনের কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোটযুদ্ধে নামতে হচ্ছে তাঁদের।
রোববারের ভোটে ৯৭ শতাংশ কেন্দ্রের ফলাফল আসার পরই বোঝা যায়, কোন দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হতে চলেছেন। পরাজয় নিশ্চিত হওয়ার পর থেকেই বিজিত প্রার্থীরা একে একে ম্যাখঁকে সমর্থন জানাতে শুরু করেন। সবার আগে তাঁকে সমর্থন জানান সমাজতান্ত্রিক বেনিয়া আমু। এরপরই ফ্রাঁসোয়া ফিওঁ সমর্থন জানিয়ে বলেন, ‘কট্টর ডানপন্থার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য (ম্যাখঁ ছাড়া) আর কোনো বিকল্প নেই।’
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ম্যাখঁর প্রতি সমর্থন জানিয়ে গতকাল বলেছেন, লো পেন জিতলে তা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হবে।
৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাখঁ ৭ মের দ্বিতীয় দফা ভোটে জিতলে হবেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। রাজধানী প্যারিসে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হাজারো সমর্থকের উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী হুমকির’ বিরুদ্ধে দেশপ্রেমিকদের’ একতাবদ্ধ করবেন তিনি। ম্যাখঁ আরও বলেন, ‘৩০ বছর ধরে যে ব্যবস্থা আমাদের দেশের চলমান সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারেনি, তা পুরোপুরি ভেঙে ফেলাই মূল চ্যালেঞ্জ।’
৪৮ বছর বয়সী লো পেন নিজের সমর্থকদের উদ্দেশে বলেন, ভোটারদের সামনে এখন দুটো বিকল্প। তাঁদের ‘বিশ্বায়নের দিকে ধাবিত হওয়ার পথ’ এবং রক্ষণশীল ফ্রান্সের মধ্যে একটিকে বেছে নিতে হবে।
এদিকে ফরাসি পুলিশ গতকাল সোমবার বলেছে, প্যারিসে নির্বাচনের রাতে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা লো পেন এবং ম্যাখঁ উভয়ের বিরুদ্ধে বিক্ষোভ করছিল।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
নির্বাচনের প্রথম দফায় মধ্যপন্থী ম্যাখঁর এগিয়ে থাকার খবরে ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ জাঙ্কার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জাঙ্কারের মুখপাত্র টুইটারে জানান, ম্যাখঁকে দ্বিতীয় দফার ভোটের জন্য ‘শুভকামনাও’ জানিয়েছেন কমিশনের প্রধান।
ফ্রান্সের নির্বাচনের ফলাফলকে ‘সম্মান’ জানিয়ে রাশিয়া বলেছে, ফ্রান্সের সঙ্গে ভালো ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলায় তারা আগ্রহী।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র স্টিফেন সিবার্ট টুইট বার্তায় ম্যাখঁকে শুভকামনা জানিয়ে বলেন, এটা খুব ভালো যে শক্তিশালী ইইউ এবং সামাজিক বাজার অর্থনীতির প্রতিষ্ঠায় ম্যাখঁ তাঁর যাত্রাপথে সফল হয়েছেন।