লড়াই এখন মারিউপোলের কেন্দ্রস্থলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিউপোল শহরে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন।
ছবি : রয়টার্স

ইউক্রেনের মারিউপোল শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছেন রুশ সেনারা। সেখানে ইউক্রেন সেনাদের সঙ্গে তাঁদের গোলাগুলি চলছে। মারিউপোল শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো শুক্রবার বিবিসিকে বলেছেন, রুশ সেনারা আক্রমণ জোরদার করেছে। এখন পুরো শহরজুড়েই তাদের হামলা চলছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল দুই সপ্তাহের বেশি সময় ধরে ঘিরে রেখেছিল রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি অভিযোগ করে আসছেন, রুশ সেনাদের গোলাবর্ষণের কারণে এই শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বাধাগ্রস্ত হচ্ছিল।

আজ মারিউপোলের মেয়রের বক্তব্যের আগেই রাশিয়ার পক্ষ থেকে সেনাদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছে যাওয়ার কথা জানানো হয়েছিল। মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, ‘আজ তাঁরা সত্যিই অনেক সক্রিয় ছিল। ট্যাংক ও মেশিনগান নিয়ে যুদ্ধ চলছে। সবাই বাংকারে লুকিয়ে রয়েছে।’

গত বুধবার দিবাগত রাতে মারিউপোলের একটি থিয়েটার হলে বোমা হামলা করে রুশ বাহিনী। ওই থিয়েটারের বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এক হাজারের বেশি মানুষ। এ ছাড়া বুধবার মারিউপোল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া মানুষের একটি গাড়িবহরেও রুশ বাহিনী হামলা করেছিল বলে অভিযোগ করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ওই হামলায় হতাহত সম্পর্কে কোনো ধারণা দেননি বোইচেঙ্কো। তিনি বলেন, ‘রুশ সেনাদের বোমা হামলার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’
‘চোখের পানি শুকিয়ে গেছে’

মারিউপোলের বাসিন্দা কেট (৩৮) তাঁর ১৭ বছর বয়সী ছেলেকে নিয়ে মারিউপোলের আক্রান্ত থিয়েটারের বেসমেন্টে ১০ দিন কাটিয়েছেন। শহরের অনেক বাসিন্দার মতো তাঁদের ঘরবাড়িও রুশ বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। একটু নিরাপদ আশ্রয়ের আশায় তাঁরা এখানে অবস্থান নেন। আরও বেশ কয়েকটি পরিবারের সঙ্গে গাদাগাদি করে মা ও ছেলে অন্ধকার ঘরে ঠাঁই পেয়েছিলেন।

ওই বেসমেন্টে কয়েকজন নারীর সঙ্গে ছয় মাসের কম বয়সী শিশুও দেখেছেন কেট। তাঁরা সেখানকার অডিটোরিয়ামের সিটগুলোকে কোনো রকমে বিছানা বানিয়ে শুয়ে থেকেছেন। ওই আসনের কাঠগুলো জ্বালিয়ে রান্না করেছেন।

কেট বলেন, ‘রুশ সেনাদের হামলায় ওই থিয়েটার ভবনের আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম দ্রুত পালাতে হবে। কারণ ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে।’

থিয়েটারে হামলার আগের দিনই কেট সেখান থেকে ছেলেকে নিয়ে পালান। তিনি বলেন, ওই এলাকাটি বেসামরিক লোকজনের থাকার জায়গা হিসেবে চিহ্নিত করা হলেও সেখানে হামলা হয়েছে।

কেট বলেন, ‘থিয়েটার থেকে বের হয়ে আসার পরে আমি আর কথা বলতে পারছিলাম না। আমরা সবাই কেঁদেছিলাম। কিন্তু এখন চোখের পানি শুকিয়ে গেছে। এ যন্ত্রণা সহজে যাবে না।’