শপথ গ্রহণের আগে ম্যাখোঁর সামনে নতুন চ্যালেঞ্জ

দেশের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা করতে গিয়ে সহযোগীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ফ্রান্সের হবু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তাঁর গুরুত্বপূর্ণ সহযোগী ফ্রাঁসোয়া বায়রু অসন্তুষ্ট। পর্যবেক্ষকেরা মনে করছেন, আগামী মাসে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন হবে বলে বিষয়টির বিশেষ তাৎপর্য রয়েছে।
অভিজ্ঞ মধ্যপন্থী রাজনীতিক ফ্রাঁসোয়া বায়রুকে খেপিয়ে ম্যাখোঁ তাঁর বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। তাঁর রাজনৈতিক দল ‘লা রেপুবলিক অঁ মার্শ’ (অগ্রসরমাণ প্রজাতন্ত্র) আগামী জুনের গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে অন্তত ৪০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। বায়রুর অখুশি হওয়ার কারণ, তাঁর দলকে মাত্র ৩৫টি আসন দেওয়ার প্রস্তাব করেছে ম্যাখোঁর নতুন দল। অথচ বায়রু ১২০টি আসনে প্রার্থী দেওয়ার আশায় ছিলেন।
বায়রু নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু গত ফেব্রুয়ারির শেষ দিকে তিনি ম্যাখোঁর সমর্থনে লড়াই থেকে সরে দাঁড়ান। প্রচার কার্যক্রমে নতুন গতি সঞ্চারের জন্য বায়রুর এই সহযোগিতা ম্যাখোঁর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
বায়রু গত শুক্রবার সন্ধ্যায় বলেছেন, তাঁরা প্রার্থী তালিকা নিয়ে ম্যাখোঁর দলের সঙ্গে একটি ‘সুস্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ’ খসড়া সমঝোতায় পৌঁছেছেন। এতে ‘উত্তেজনাকর পরিস্থিতির’ অবসান হয়েছে।
আজ রোববার ম্যাখোঁ ফ্রান্সের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন। তিনি পার্লামেন্টে ‘নতুন প্রাণসঞ্চারের’ প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে তাঁর দল গত বৃহস্পতিবার পার্লামেন্টের মোট ৫৭৭ আসনের মধ্যে ৪২৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাঁদের অর্ধেক কখনোই নির্বাচন করেননি, আর অর্ধেক নারী।
ম্যাখোঁর মুখপাত্র বেনিয়ামিন গ্রিভো বলেন, ম্যাখোঁ রাজনীতির বাইরের বহু মানুষকে আকৃষ্ট করতে পেরেছেন। আর তাঁরা সবাই এখন নতুন কিছু করে দেখানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সম্ভবত এটাই ম্যাখোঁর সবচেয়ে বড় সাফল্য।
ম্যাখোঁর দল নিজেদের প্রার্থী তালিকা সংশোধন করতে বাধ্য হয়েছে। কারণ, প্রাথমিক তালিকাভুক্ত অনেকে দলীয় অবস্থানের সঙ্গে একমত নন অথবা প্রার্থিতার আবেদনই করেননি। কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের সহসভাপতি ফ্লোরিয়াঁ ফিলিপো অভিযোগ করেছেন, ম্যাখোঁ ‘আনাড়িতন্ত্র’ শুরু করেছেন।