শরণার্থী কোটা নিয়ে হাঙ্গেরিতে গণভোট
শরণার্থী পুনর্বাসনে সদস্য দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাধ্যতামূলক কোটা গ্রহণ করা হবে কি না সে প্রশ্নে হাঙ্গেরিতে গতকাল রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এ গণভোটে কোটা নির্ধারণের বিপক্ষেই রায় যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশটির অনেকেই বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক আখ্যা দিয়ে এ ভোটের উদ্বেগের নিন্দা করেছেন।
হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইইউভুক্ত দেশগুলোতে মোট ১ লাখ ৬০ হাজার অভিবাসন-প্রত্যাশীকে পুনর্বাসনের একটি পরিকল্পনার বিরোধিতা করছেন। গত বছরের ব্যাপক অভিবাসন-সংকটের পর ঘোষিত পরিকল্পনা অনুযায়ী হাঙ্গেরিকে ১ হাজার ২৯৪ অভিবাসন-প্রত্যাশীকে গ্রহণ করতে হবে।
গণভোট গ্রহণযোগ্য হওয়ার জন্য ৫০ শতাংশের বেশি ভোট পড়া প্রয়োজন। জরিপে দেখা যায়, ভোট দিতে যাবেন এমন ভোটারদের ৮০ শতাংশই ইইউর কোটানীতির বিরুদ্ধে।
ইউরোপের শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিরোধীদের মধ্যে ভিক্টর অরবানের অবস্থান সর্বাগ্রে। শরণার্থীদের স্রোত ঠেকাতে তিনি সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্তপথ বন্ধ করে দিয়েছিলেন গত বছর। পদক্ষেপটি দেশটির অধিকাংশ জনগণ ব্যাপকভাবে সমর্থন করলেও মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করেছিল।