শরণার্থী গ্রহণে কোটা ঘোষণা করল ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীদের জোয়ারে গভীর সংকটে পড়া ইউরোপকে টেনে বের করতে গুরুত্বপূর্ণ এক পরিকল্পনা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরিকল্পনায় জোটভুক্ত দেশ কে, কতজন শরণার্থী গ্রহণ করবে, সে বিষয়ে বাধ্যতামূলক কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থীদের নিয়ে ভয়াবহতম সংকট মোকাবিলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইইউর এ পরিকল্পনায় আশার সঞ্চার হলেও শুরুতেই এর বিরোধিতায় সরব হয়েছে জোটের কোনো কোনো অংশীদার, বিশেষ করে পূর্ব ইউরোপের কয়েকটি দেশ।
এদিকে শরণার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বেশ কিছু নামীদামি ফুটবল ক্লাব। তহবিল গড়তে নানা আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ইইউ কমিশনের প্রধান জ্যাঁ-ক্লদ জাঙ্কার ইউরোপীয় পার্লামেন্টে গতকাল বুধবার তাঁর প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। এ ভাষণেই শরণার্থীদের আশ্রয় দেওয়া-বিষয়ক ওই কোটাব্যবস্থার প্রস্তাব দেন তিনি। যারা মানবে না এই প্রস্তাব, জরিমানা গুনতে হবে তাদের।
ভাষণে জাঙ্কার ইইউভুক্ত ২৮টি দেশের প্রতি বাধ্যতামূলক এই ব্যবস্থা মেনে নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে এসব দেশের সীমান্ত প্রতিরক্ষাব্যবস্থার উন্নয়ন ও অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
ঘোষিত পরিকল্পনা বা প্রস্তাব অনুযায়ী, ইইউর দেশগুলোকে দুই বছরের মধ্যে ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে বেঁধে দেওয়া সংখ্যায় গ্রহণ করতে হবে, যাতে সংকটের একটা সুরাহা হওয়ার পাশাপাশি সীমান্তের দেশগুলোতে শরণার্থীর চাপ কমে আসে। প্রস্তাবের অধীন জার্মানি সবচেয়ে বেশি ৩১ হাজারের ওপরে, ফ্রান্স ২৪ হাজার ও স্পেন ১৫ হাজার শরণার্থী গ্রহণ করবে। ফ্রান্স তার নির্ধারিতসংখ্যক শরণার্থীকে আগেই গ্রহণ করার কথা জানিয়েছিল। যুক্তরাজ্য বলেছে, আগামী পাঁচ বছরে ২০ হাজার শরণার্থী নেবে তারা।
ইইউর অন্য সদস্যদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থী যারা নেবে, তাদের মধ্যে পোল্যান্ড নেবে ৯ হাজার ২৮৭, নেদারল্যান্ডস ৭ হাজার ২১৪, রোমানিয়া ৪ হাজার ৬৪৬, বেলজিয়াম ৪ হাজার ৫৬৪, সুইডেন ৪ হাজার ৪৬৯, অস্ট্রিয়া ৩ হাজার ৬৪০ এবং পর্তুগাল নেবে ৩ হাজার ৭৪ জন।
জাঙ্কার যে ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কোটার প্রস্তাব দিয়েছেন, তাদের মধ্যে বর্তমানে ঋণভারে জর্জরিত গ্রিসে অবস্থান করছে ৬৬ হাজার ৪০০, হাঙ্গেরিতে ৫৪ হাজার ও ইতালিতে ৩৯ হাজার ৬০০ জন। আগামী দুই বছরের মধ্যে এসব শরণার্থীকে নির্দিষ্ট সংখ্যায় নিতে হবে ইইউ সদস্যদের।
প্রতি শরণার্থীর জন্য গ্রহণকারী দেশ পাবে ৬ হাজার ইউরো। আর গ্রিস, হাঙ্গেরি ও ইতালি প্রতি শরণার্থীকে স্থানান্তরে প্রয়োজনীয় পরিবহনব্যয় বাবদ পাবে ৫০০ ইউরো। পুরো পরিকল্পনা বাস্তবায়নে ইইউর বাজেট আনুমানিক ৭৮ কোটি (৭৮০ মিলিয়ন) ইউরো।
বেশি সংকটে পড়া গ্রিস ও হাঙ্গেরির প্রসঙ্গ তুলে ধরে ভাষণে জাঙ্কার ইউরোপকে অতীত ইতিহাসের দিকে তাকানোর এবং বাধ্যতামূলক কোটাসংবলিত তাঁর এ ‘সাহসী’ প্রস্তাবে ভয় না পাওয়ার আহ্বান জানান।
ফ্রান্সের স্ত্রসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ভাষণে জাঙ্কার বলেন, ‘এখন ইইউর ভয় পাওয়ার সময় নয়। এখন সময় সাহসী হওয়ার, দৃঢ় পদক্ষেপ নেওয়ার।’ তবে শরণার্থীদের নিতে ধর্মীয় ভেদাভেদ অনুসরণের ব্যাপারে সতর্ক করে দেন তিনি।
চলতি বছর প্রায় আট লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আশাবাদী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল একই সময় এই পার্লামেন্টে বলেন, তাঁর দেশ আগামী কয়েক বছর ধরে বার্ষিক পাঁচ লাখ করে মানুষ গ্রহণ করতে পারবে। তিনি সংকটে সাড়া দিতে ইউরোপকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। দাবি করেন, সৃষ্ট সংকটের বোঝা সামঞ্জস্যপূর্ণ ও সুষ্ঠুভাবে ভাগাভাগি নিশ্চিত করতে কোটা বেঁধে দেওয়াটা ছিল একমাত্র উপায়।
শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসার এ রকম আহ্বানে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া বলেছে, তারা সিরিয়া ও ইরাক যুদ্ধের শিকার অতিরিক্ত ১২ হাজার শরণার্থীকে গ্রহণ করবে। শরণার্থীদের সহায়তার আশ্বাস দিয়েছে দক্ষিণ আমেরিকার কিছু দেশও। যেমন ভেনেজুয়েলা বলেছে, তারা ২০ হাজার শরণার্থী নেবে। ব্রাজিল ঘোষণা করেছে, শরণার্থীদের স্বাগত জানাতে তার দরজা খোলা থাকবে। বড়সংখ্যক শরণার্থী নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চিলিও। কানাডার কুইবেক কর্তৃপক্ষ বলেছে, এ বছর তারা ৩ হাজার ৬৫০ জনকে গ্রহণ করবে। ওয়াশিংটন বলেছে, তারা আরও কীভাবে সাহায্য করতে পারে, তা পরীক্ষা করে দেখছে।
ইইউ কমিশনপ্রধানের নতুন প্রস্তাবের ওপর আগামী সোমবার ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে তুরস্কের সমুদ্রসৈকতে সিরিয়ার তিন বছরের শিশু আয়লান কুর্দির নিথর মরদেহের প্রকাশিত ছবি বিশ্বব্যাপী মানুষের হৃদয়ে নাড়া দেয়। আর এরপরই ইউরোপ অভিমুখী, বিশেষত সিরীয় শরণার্থীদের স্রোত নিয়ে সৃষ্ট সংকট সমাধানে নড়েচড়ে বসে ইইউ। সংকটের সুরাহায় শুধু ইউরোপ নয়, সারা বিশ্বের অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করে জাতিসংঘ। সংকট মোকাবিলায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা দরকার বলেও উল্লেখ করে বিশ্ব সংস্থা।
এদিকে পার্লামেন্টে যখন জাঙ্কার ও মেরকেল বক্তব্য দিচ্ছিলেন, তখন সার্বিয়া সীমান্তবর্তী হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় রসজকে গ্রামে পুলিশের বেষ্টনী গুঁড়িয়ে ছড়িয়ে পড়ে প্রায় ৪০০ শরণার্থী। তাদের আশ্রয়শিবিরে নেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানান তাঁরা। এ সময় কেউ কেউ বুদাপেস্টমুখী একটি মোটর সড়কের দিকে দৌড়ানো শুরু করে। পরে পুলিশ সেটি বন্ধ করে দেয়।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ওয়েবসাইট থেকে জানা যায়, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে ৩ লাখ ৬৭ হাজার ৯০২ জন। সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে ২ হাজার ৮৫০ জন। এদের মধ্যে ৮০ শতাংশই এসেছে ১০টি দেশ থেকে। শরণার্থী যাওয়ার সংখ্যার দিক থেকে এ দেশগুলোর তালিকায় ৯ নম্বরে আছে বাংলাদেশ। বলা হচ্ছে, মোট সংখ্যার ১ শতাংশ বাংলাদেশি।
ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে সবচেয়ে বেশি শরণার্থী ঢুকেছে সিরিয়া থেকে; যা মোট শরণার্থীর ৫১ শতাংশ। এরপর আফগানিস্তান থেকে ঢুকেছে ১৪ শতাংশ। এ ছাড়া ইরিত্রিয়া থেকে ৮ শতাংশ, নাইজেরিয়া থেকে ৪ শতাংশ, ইরাক থেকে ৩ শতাংশ শরণার্থী ঢুকেছে।