শরণার্থী গ্রহণের পক্ষে ইউরোপীয় আদালতের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুক্সেমবার্গের ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। ছবি: সংগৃহীত
লুক্সেমবার্গের ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। ছবি: সংগৃহীত

ইউরোপীয় সর্বোচ্চ আদালত শরণার্থীদের গ্রহণ করার জন্য হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে নির্দেশ দিয়েছে। ২০১৫ সালে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল নামলে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা ইতালি ও গ্রিস থেকে শরণার্থীদের চাপ কমানোর লক্ষ্যে দেশভিত্তিক শরণার্থী বণ্টনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

২০১৫ সালে বিভিন্ন যুদ্ধপীড়িত দেশ থেকে আসা শরণার্থীদের আপাতপুনর্বাসনে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো সংখ্যাধিক্য ভোটে এই প্রস্তাব গ্রহণ করছিল। এই প্রস্তাব না মেনে হাঙ্গেরি ও স্লোভাকিয়া উল্টো লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় সর্বোচ্চ আদালতে শরণার্থীদের গ্রহণ না করতে মামলা করে।

গতকাল মঙ্গলবার সকালে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার করা মামলা প্রত্যাখ্যান করে ইউরোপীয় সর্বোচ্চ আদালতের বিচারক বলেছেন, ২০১৫ সালে ইতালি ও গ্রিসে শরণার্থীদের চাপ হ্রাস করার লক্ষ্যে ১ লাখ ২০ হাজার শরণার্থীকে অন্যান্য ইউরোপীয় দেশে বণ্টনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই সিদ্ধান্তে হাঙ্গেরিকে মাত্র ১ হাজার ২৯৪ জন ও স্লোভাকিয়ার ৯০২ জন শরণার্থী নেওয়ার কথা ছিল।

পরবর্তী সময় হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্র প্রস্তাবমতো শরণার্থীদের গ্রহণ করতে টালবাহানা শুরু করে। শরণার্থী বণ্টন বিষয়ে ইউরোপীয় সর্বোচ্চ আদালতের রায়ের পরও যদি দেশগুলো শরণার্থীদের গ্রহণ না করে, তবে সদস্য দেশগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, বিষয়টি ইউরোপীয় কমিশন ব্রাসেলসে খতিয়ে দেখছে।

বুধবার লুক্সেমবার্গ আদালতে এই রায় হওয়ার পর ডানপন্থী হাঙ্গেরি সরকারের পররাষ্ট্রমন্ত্রী পেটার সেজাট্রো এই রায়কে ভয়ংকর ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত এবং এতে করে ইউরোপের আইন ও মূল্যবোধের ক্ষতি হবে বলে জানিয়েছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগম্যার গ্যাব্রিয়েল লুক্সেমবার্গ আদালতের এই রায়কে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দীর্ঘ সময় সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী হলেও এখন দাঙ্গা ও যুদ্ধপীড়িত দেশগুলো থেকে ইউরোপে আসা শরণার্থীদের নিতে অস্বীকার করছে।