শরণার্থী চুক্তি বাস্তবায়ন স্থগিতের হুমকি তুরস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেওয়ার চুক্তিটি করার দাবি করেছে তুরস্কের সরকার। এটি না করা হলে ইইউয়ের সঙ্গে শরণার্থী-সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন টিআরপি হাবেরে এ কথা বলেন।
টেলিভিশনে প্রচারিত ভাষণে কাভুসোগলু আরও বলেন, ১৯১৫ সালে আর্মেনীয় হত্যার বিষয়ে জার্মানির সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। তুরস্ক জার্মান পার্লামেন্টের ওই সিদ্ধান্তের বিষয়ে পদক্ষেপ নেবে। তারা নীরব থাকবে না।
জার্মানির পার্লামেন্ট গত সপ্তাহে ওই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। অটোমান তুর্কি সাম্রাজ্যের সময় আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যায়িত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক। এর আগে আরও কয়েকটি দেশ ওই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়েছে।