গ্রিস উপকূলে শিশুসহ ৪৪ শরণার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানুয়েল ভালস
ম্যানুয়েল ভালস

গ্রিসের উপকূলে গতকাল শুক্রবার অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে গেছে। ফারমাকোনিসি ও কালোলিমনোস দ্বীপের কাছে ওই দুর্ঘটনায় ২০ শিশুসহ ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। খবর এএফপির।
গ্রিসের কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় সকালে প্রথমে ইজিয়ান সাগরের ফারমাকোনিসি উপকূলের কাছে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে আসে। এর কিছুক্ষণ পর কালোলিমনোস উপকূলে আরেকটি নৌকা ডুবে যায়। দুটি নৌকা থেকে কোস্টগার্ডের সদস্যরা ৭৪ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আর মৃতদেহ উদ্ধার করা হয়েছে মোট ৪৪ জনের। এর মধ্যে ২০টি শিশু ও ১৭ জন নারী। দুটি নৌকার মধ্যে কালোলিমনোস উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ছাড়া তুরস্কের উপকূলরক্ষী বাহিনী বলেছে, ইজিয়ান সাগরেরই তুর্কি উপকূলে ছোট পর্যটন শহর দিদিমের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর তিনটি শিশুর লাশ পাওয়া যায়।
গত বছর ১০ লাখের বেশি অভিবাসী-শরণার্থী বিপজ্জনকভাবে সাগরপথে ইউরোপে গেছে, যাদের বেশির ভাগই যুদ্ধের কারণে পালিয়ে আসা সিরিয়া ও ইরাকের নাগরিক। এ ছাড়া দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ও আফ্রিকার কয়েকটি সংঘাত ও দারিদ্র্যপীড়িত দেশের বিপন্ন মানুষ এর মধ্যে আছে। ইউরোপমুখী এই জনস্রোতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় শরণার্থী সংকট হিসেবে দেখা হচ্ছে।
শরণার্থী সংকট নিয়ে ইইউ ঝুঁকিতে: রয়টার্সের খবরে বলা হয়, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস সতর্ক করে দিয়েছেন, শরণার্থী সংকট ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) মারাত্মক ঝুঁকিতে ফেলছে। যুদ্ধের কারণে ইরাক ও সিরিয়া থেকে পালিয়ে আসা সবাইকে ইউরোপ নিতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার ফাঁকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

দাভোসে ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে অলাভজনক আন্তর্জাতিক সংস্থাটির চার দিনব্যাপী বার্ষিক বৈঠক। বিশ্বের ব্যবসায়িক ও রাজনৈতিক নেতাদের পাশাপাশি নির্বাচিত বুদ্ধিজীবী ও সাংবাদিকেরা এতে অংশ নিয়ে থাকেন। বৈঠকে সাধারণত বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

সাক্ষাৎকারে ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ‘সিরিয়া ও ইরাকের ভয়াবহ যুদ্ধ থেকে পালিয়ে আসা সবাইকে নিতে পারবে না ইউরোপ। কারণ, সেটা হলে আমাদের সমাজ সম্পূর্ণভাবে অস্থিতিশীল হয়ে পড়বে।’

উদারভাবে শরণার্থী গ্রহণের জার্মান সিদ্ধান্তেরও পরোক্ষভাবে সমালোচনা করেন ফরাসি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাহস আছে। তবে শরণার্থীদের স্বাগত জানিয়ে দেওয়া বার্তাটি যে ভুল ছিল, তা তিনি বুঝেছেন এটা নিশ্চিত। সীমান্ত নিয়ে আমাদের একটি বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে।’