শরণার্থী শিশুদের জার্মান ভাষা শেখাতে ৮৫০০ শিক্ষক
শরণার্থী শিশুদের জার্মান ভাষা শেখানোর জন্য সাড়ে আট হাজার শিক্ষক নিয়োগ করেছে জার্মানি। যুদ্ধ ও দারিদ্র্যকবলিত কয়েকটি দেশ থেকে পালিয়ে আসা প্রায় ১ লাখ ৯৬ হাজার শিশু এ বছর জার্মানির বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হবে। খবর গার্ডিয়ানের।
নতুন শিক্ষকেরা ওই শরণার্থী শিশুদের জার্মান ভাষা শেখাবেন, যাতে তারা স্থানীয় সহপাঠীদের সমকক্ষ হতে উঠতে পারে। এ উদ্দেশ্যে ৮ হাজার ২৬৪টি ‘বিশেষ ক্লাস’ বা পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। জার্মানির ১৬টি রাজ্যে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় পত্রিকা ডি ওয়েল্ট এ তথ্য প্রকাশ করেছে।
জার্মানির শিক্ষা বিভাগ বলছে, বিদ্যালয়ে পড়ার বয়সী ৩ লাখ ২৫ হাজার বিদেশি শিশু ২০১৫ সালে দেশটিতে প্রবেশ করেছে। সেখানে এক বছরে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এ সংখ্যা ২০১৪ সালের তুলনায় পাঁচ গুণ বেশি। ইউরোপে শরণার্থীদের নিয়ে সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।
বিপুলসংখ্যক শরণার্থী শিশুর জন্য শিক্ষা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে গিয়ে চাপের মধ্যে পড়েছে জার্মানির কর্তৃপক্ষ। শিক্ষা বিভাগের প্রধান ব্রুনহিল্ড কুর্ট বলেন, এই ব্যতিক্রমী পরিস্থিতি দীর্ঘদিন থাকবে। এটা মেনে নিতেই হবে।
শিক্ষকদের একটি সংগঠনের প্রধান হাইঞ্জ পিটার মাইডিনার বলেন, নতুন ছাত্রছাত্রীদের পড়ানোর চাপ সামাল দিতে জার্মানিতে ২০ হাজার বাড়তি শিক্ষক প্রয়োজন। আগামী গ্রীষ্মের মধ্যেই এ ঘাটতি পূরণ হতে পারে।