শরণার্থী সংকট নিয়ে বৈঠকে ইইউ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের নেতারা শরণার্থীপ্রবাহ নিয়ন্ত্রণে সহায়তার জন্য তুরস্ককে রাজি করানোর জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল বৃহস্পতিবার বৈঠক করেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ওই আলোচনা শুরুর আগে বলেছেন, শরণার্থীদের সমুদ্র পারাপারের পথ মানব পাচারকারীরা নিয়ন্ত্রণ করছে, এটা অগ্রহণযোগ্য। আর তুরস্কের সাহায্য ছাড়া শরণার্থীস্রোত ঠেকানো যাবে না। খবর এএফপির।
শরণার্থীদের নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংকট মোকাবিলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মেরকেল আরও বলেন, ইউরোপকে এখন সংহতি দেখাতে হবে। নইলে যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
মেরকেল চলতি সপ্তাহেই তুরস্ক সফরে যাবেন। ব্রাসেলসের আলোচনা শুরুর আগে গ্রিসের কোস্টগার্ড জানায়, ইজিয়ান সাগর থেকে তারা গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০০ জনকে উদ্ধার করেছে। তারা তুরস্ক থেকে গ্রিসে রওনা হয়েছিল।
ক্রোয়েশিয়া জানায়, দেশটিতে গত বুধবার অন্তত ৪ হাজার ৮০০ শরণার্থী ও অভিবাসী প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে চলতি বছর এ পর্যন্ত প্রায় ছয় লাখ মানুষ ইউরোপে পৌঁছেছে।
জার্মানিতে আইন কঠোর হচ্ছে: শরণার্থী সংকট মোকাবিলায় জার্মানিতে আশ্রয় আইন কঠোর করা হচ্ছে। দেশটির আইনপ্রণেতারা এ-সংক্রান্ত উদ্যোগের একটি প্রস্তাব গতকাল অনুমোদন করেছেন। এতে কাউকে আশ্রয় দেওয়া ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, আশ্রয়কেন্দ্র নির্মাণ সহজ করা এবং অর্থনৈতিক শরণার্থীদের জন্য প্রণোদনা কমানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।