শরণার্থী সামলাতে আবার কঠোর হচ্ছে ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীদের বিরুদ্ধে আবার কঠোর হতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। ডেনমার্কের পুলিশ গতকাল বৃহস্পতিবার জার্মানির সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে মেসিডোনিয়া। আর হাঙ্গেরির সেনাবাহিনী গত বুধবার অভিবাসী ঠেকানোর মহড়া শুরু করেছে। এদিন দেশটি ৩ হাজার ৩২১ শরণার্থীকে পাকড়াও করেছে। খবর এএফপি ও রয়টার্সের।
মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার যুদ্ধ ও দারিদ্র্যপীড়িত বিভিন্ন দেশের লাখ লাখ লোক ইউরোপমুখী হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন ভয়াবহতম শরণার্থী-সংকটে ইউরোপ। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশনের প্রধান জ্যাঁ-ক্লদ জাংকার গত বুধবার শরণার্থীদের ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন। তাঁর কোটাব্যবস্থার প্রস্তাবটি ইউরোপীয় পার্লামেন্টে গতকাল বড় ব্যবধানে পাস হয়েছে।
এ বছরে এ পর্যন্ত জার্মানিতে পৌঁছেছে সাড়ে চার হাজার শরণার্থী। জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল গতকাল এ তথ্য জানিয়েছেন।
শরণার্থীর ঢল ঠেকাতে কড়া ব্যবস্থা নিয়ে আসছিল অভিবাসীবিরোধী হিসেবে পরিচিত হাঙ্গেরিসহ ইউরোপের কয়েকটি দেশ। তবে সিরীয় শিশু আয়লানের নিথর দেহ সৈকতে পড়ে থাকার ছবি গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে কিছুটা নরম হয় তারা। কিন্তু গত বুধবার থেকে চিত্র পাল্টাতে শুরু করেছে।
ডেনমার্কের সীমান্তে গত বুধবার শত শত অভিবাসী জার্মানি থেকে আসা ট্রেনে উঠে পড়ে। ডেনমার্কের কর্মকর্তারা ট্রেন থেকে নেমে তাদের আশ্রয়প্রার্থী হিসেবে ডেনমার্কেই নিবন্ধন করতে বলেন। তবে অভিবাসীরা ট্রেন থেকে নামতে অস্বীকার করে। তারা অপেক্ষাকৃত উদার অভিবাসী নীতির দেশ সুইডেনে যেতে দেওয়ার দাবি জানায়। পরে ১০০ জনের মতো অভিবাসী ডেনমার্কে থাকতে সম্মত হয়। বাকিদের চলে যেতে দেওয়া হয়।
ওই ঘটনার পরদিন গতকাল জার্মান সীমান্তে কমবেশি ৩৫০ জন অভিবাসীর সঙ্গে ডেনমার্কের পুলিশ বিবাদে জড়িয়ে পড়ে। এ কারণে সীমান্তজুড়ে সব রেলসেবা বন্ধ করে দেয় ডেনমার্ক। পাশাপাশি ওই সীমান্ত হয়ে জার্মানিতে যাওয়ার প্রধান সড়কপথটিও বন্ধ করে দেওয়া হয়।
অবশ্য ডেনমার্কের কর্তৃপক্ষ পরে জানায়, জার্মান সীমান্তে তাদের রেলসেবা পুনরায় চালু করা হয়েছে। ওই এলাকার রদবি ফেরি ক্রসিং হয়ে জার্মানিতে আসা-যাওয়া এখনো বন্ধ রাখা হয়েছে। স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের ব্যস্ততম ফেরি ক্রসিংগুলোর একটি এটি।
সেনা মোতায়েনের পরিকল্পনা: সার্বিয়া সীমান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার অভিবাসী ও শরণার্থী হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পৌঁছাচ্ছে। নিরাপত্তাকর্মীরা এরই মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করেছেন। চলছে পুলিশের সার্বক্ষণিক টহল। নিরাপত্তা আরও জোরদার করতে সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে হাঙ্গেরি। এর অংশ হিসেবে দেশটির সেনাবাহিনী গত বুধবার থেকে মহড়া শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান বলেছেন, সীমান্তে সেনা মোতায়েনের জন্য আইন পাস করা আগামী ২০ সেপ্টেম্বরের আগে সম্ভব হবে না।
এদিকে হাঙ্গেরির পুলিশ বলেছে, তারা গত বুধবার ৩ হাজার ৩২১ অভিবাসীকে পাকড়াও করেছে। চলতি বছর দেশটিতে একই দিনে এত সংখ্যক অভিবাসী আটকের নজির নেই। এর আগে ৩ সেপ্টেম্বর তারা ৩ হাজার ৩১৩ অভিবাসীকে পাকড়াও করেছিল।
শরণার্থীর ঢল ঠেকাতে হাঙ্গেরির পথেই হাঁটছে মেসিডোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা পোপস্কি গতকাল বলেছেন, তাঁরাও সীমান্তে হাঙ্গেরির মতো বেড়া নির্মাণ করার বিষয়টি বিবেচনা করছেন। পাশাপাশি সীমান্তে সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে।