শরণার্থীদের গ্রহণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীদের গ্রহণ করতে হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে নির্দেশ দিয়েছেন ইউরোপের সর্বোচ্চ আদালত। কোটা মেনে শরণার্থী গ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশ দুটি যে আবেদন করেছিল, তা প্রত্যাখ্যান করে এ রায় দেওয়া হলো।

২০১৫ সালে যুদ্ধপীড়িত বিভিন্ন দেশ থেকে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল নামে। বিশেষ করে ইতালি ও গ্রিসে শরণার্থীদের চাপ বেড়ে যায়। এ চাপ কমানোর লক্ষ্যে তখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা দেশভিত্তিক শরণার্থী বণ্টনের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইইউর সদস্যদেশগুলোর সংখ্যাধিক্য ভোটে ওই প্রস্তাব গৃহীত হয়। কিন্তু হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্র সে অনুযায়ী শরণার্থী গ্রহণে টালবাহানা শুরু করে। এর মধ্যে হাঙ্গেরি ও স্লোভাকিয়া লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় সর্বোচ্চ আদালতে মামলা করে। গত মঙ্গলবার সকালে মামলাটি প্রত্যাখ্যান করে ইউরোপের সর্বোচ্চ আদালতের বিচারক বলেছেন, ২০১৫ সালে ইতালি ও গ্রিসে শরণার্থীদের চাপ হ্রাস করতে ১ লাখ ২০ হাজার শরণার্থীকে ইইউভুক্ত অন্যান্য দেশে বণ্টনের যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা ছিল যৌক্তিক। ওই সিদ্ধান্ত অনুযায়ী হাঙ্গেরিকে মাত্র ১ হাজার ২৯৪ জন ও স্লোভাকিয়াকে ৯০২ জন শরণার্থী নেওয়ার কথা ছিল।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগম্যার গ্যাব্রিয়েল আদালতের এই রায়কে অভিনন্দন জানিয়েছেন। তবে হাঙ্গেরির ডানপন্থী সরকারের পররাষ্ট্রমন্ত্রী পেটার সেজাট্রো ইউরোপীয় আদালতের ওই রায়কে ভয়ংকর ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।